শাঁখারীবাজারে ঝুঁকিপূর্ণ বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শাখাঁরীবাজারের ৫৪ নম্বর বাড়িটি প্রায় দেড় শ বছর আগের। তিনতলার এ ভবনের কোথাও নেই পলেস্তরা। বিদ্যুৎ না থাকলে ভবনটিতে নেমে আসে ঘোর অন্ধকার। এর মধ্যেই ঝুঁকি নিয়ে বসবাস করছিল আটটি পরিবার। সম্প্রতি ভবনটির পূর্ব পাশের একটি দেয়ালে ফাটল দেখা দেওয়ায় পরিবারগুলো অন্যত্র আশ্রয় নেয়।

এই বাড়িটির মতোই শাঁখারীবাজারে রয়েছে প্রায় ১২০টি বাড়ি। ঝুঁকি নিয়ে এতে বাস করছেন প্রায় আড়াই হাজার মানুষ।

রাজধানীর ঐতিহাসিক, নান্দনিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ৯৩টি ভবন, পুরো শাঁখারীবাজার এলাকা এবং ফরাশগঞ্জ, সূত্রাপুর এলাকার নয়টি সড়ককে সংরক্ষিত ঘোষণা করে আইন প্রণয়ন করা হয়। এতে রাজউকের নগর উন্নয়ন কমিটির কাছ থেকে লিখিত অনুমতি ছাড়া সড়কের দুই পাশের স্থাপনা অপসারণ, পুনর্নির্মাণ, পরিবর্তন এমনকি সংস্কারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

অভিযোগ রয়েছে, এই আইনের কারণে বাড়ির মালিকেরা তাঁদের বাড়ি সংস্কার বা পুনর্নির্মাণ করতে পারছেন না। মালিকেরা বলছেন, ঐতিহ্য সংরক্ষণ করার নামে তাঁদের ঝুঁকিপূর্ণ জীবনযাপনে বাধ্য করা হচ্ছে। উত্তম সাহা নামের এক বাড়ির মালিক বলেন, তাঁর নিজ বাড়ি থাকা সত্ত্বেও ভাড়া করা বাসায় থাকতে হচ্ছে।

তবে আইনটির প্রয়োজনীয়তার কথা বললেন নগর উন্নয়ন কমিটির সদস্য ও আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম। তিনি বলেন, আইনটি প্রণয়নের পরও পাঁচটি ভবন পুরোপুরি ও নয়টি আংশিক ভাঙা হয়েছে। শাঁখারীবাজারের ঐতিহ্য রক্ষায় তাঁরা আদালতে তিনটি রিট করেছেন। এর পরিপ্রেক্ষিতে তালিকাভুক্ত স্থাপনা ও এলাকার সংরক্ষণের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রাজউককে নির্দেশ দিয়েছেন আদালত। এই আইনটি বাস্তবায়িত হলে শাঁখারীবাজারের বাসিন্দারা সবচেয়ে বেশি লাভবান হবেন।

প্রসঙ্গত, ২০০৪ সালে শাঁখারীবাজারের ৮১ নম্বর বাড়ি ধসে ১৯ জন নিহত হন।

সরেজমিন: গত শনিবার সরেজমিনে দেখা যায়, শাঁখারীবাজারের ৫৪ নম্বর বাড়িটির প্রধান ফটকে একটি তালা লাগানো, যেটি ভাঙা। বাড়ির ভেতরে কাউকে পাওয়া গেল না।

স্থানীয় ব্যক্তিরা জানান, ফাটল দেখা দেওয়ায় গত ৩ মে ভবন ভাঙার কাজ শুরু করেছিলেন মালিক বীরঙ্গ নন্দী। এর পরদিনই তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করে রাজউক। এখন ভাঙার কাজ বন্ধ রয়েছে। এ ছাড়া একই অপরাধে বিভিন্ন সময় ১৮, ১৯, ৯০ ও ৯১ নম্বর বাড়ির মালিকের বিরুদ্ধেও রাজউক মামলা করেছে।

এ বিষয়ে ১৯ নম্বর বাড়ির মালিকের সঙ্গে কয়েকবার কথা বলার চেষ্টা করেও তাঁর দেখা পাওয়া যায়নি। এ ছাড়া অন্যান্য বাড়ির মালিকেরা সাংবাদিক পরিচয় পাওয়ার পর কথা বলতে রাজি হননি।

পুরো শাঁখারীবাজারে ঐতিহ্য সংরক্ষণ আইনের বিরুদ্ধে ব্যানার-পোস্টার টানানো রয়েছে। শাঁখারীবাজার ভূমি মালিক স্বার্থ রক্ষা পঞ্চায়েত কমিটির আহ্বায়ক অজয় কুমার নন্দী অভিযোগ করে বলেন, শত বছরের পুরোনো বাড়িতে ঝুঁকি নিয়ে প্রায় এক হাজার ৪০০ পরিবার
বসবাস করছে। যেকোনো সময় এসব বাড়ি ধসে পড়তে পারে। তাই এ আইন বাতিলের দাবিতে গত বছরের ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে তাঁরা স্মারকলিপি দিয়েছেন।

রাজউকের বক্তব্য: রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, শাঁখারীবাজারসহ অন্যান্য এলাকার ঐতিহ্য সংরক্ষণ করতে কয়েক মাস আগে একটি কমিটি গঠন করছে গণপূর্ত মন্ত্রণালয়। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঐতিহ্য সংরক্ষণ আইনের বাস্তবায়ন শুরু হবে।

শেখ আবদুল মান্নান আরও বলেন, তবে কারও বাড়ি বেশি ঝুঁকিপূর্ণ হলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।