শাঁখারীবাজারে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্য সংরক্ষণ আইনের প্রতিবাদে গতকাল শাঁখারীবাজার ভূমিমালিক স্বার্থরক্ষা পঞ্চায়েত কমিটি গতকাল হরতালের সমর্থনে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ষ ছবি: প্রথম আলো
ঐতিহ্য সংরক্ষণ আইনের প্রতিবাদে গতকাল শাঁখারীবাজার ভূমিমালিক স্বার্থরক্ষা পঞ্চায়েত কমিটি গতকাল হরতালের সমর্থনে এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ষ ছবি: প্রথম আলো

পুরান ঢাকার শাঁখারীবাজারকে ঐতিহ্যবাহী এলাকা (হেরিটেজ এরিয়া) ঘোষণার প্রতিবাদে গতকাল রোববার ওই এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বাসিন্দারা। দাবি আদায়ে আগামী ১০ অক্টোবর শারদীয় দুর্গাপূজা না করা ও ওই দিন থেকেই আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শাঁখারীবাজার ভূমিমালিক স্বার্থরক্ষা পঞ্চায়েত কমিটি।
রাজধানীর ঐতিহাসিক, নান্দনিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ৯৩টি ভবন, পুরো শাঁখারীবাজার এলাকা এবং ফরাশগঞ্জ, সূত্রাপুর এলাকার নয়টি সড়ককে সংরক্ষিত ঘোষণা করে আইন প্রণয়ন করা হয়। এতে রাজউকের নগর উন্নয়ন কমিটির কাছ থেকে লিখিত অনুমতি ছাড়া সড়কের দুই পাশের স্থাপনা অপসারণ, পুনর্নির্মাণ, পরিবর্তন এমনকি সংস্কারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে গতকাল সকাল ছয়টা থেকেই শাঁখারীবাজারের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ ছিল সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান। পরে বেলা সাড়ে ১১টার দিকে হরতালের সমর্থনে ওই এলাকায় কয়েক হাজার বাসিন্দা মিছিল বের করে। মিছিল শেষে শাঁখারীবাজার শহীদ মিনারের সামনে সমাবেশ করেন আন্দোলনকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, শাঁখারীবাজার এলাকার পুরোনো বাড়িগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে। এতে কোনো পরিবারের ক্ষতি হলে, তার দায় সরকারকেই নিতে হবে। কারণ, দেশের ঐতিহ্য সংরক্ষণ করার নামে তাদের ঝুঁকিপূর্ণ জীবন যাপনে বাধ্য করছে সরকার।
বক্তারা আরও বলেন, শত বছরের পুরোনো বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় এক হাজার ৪০০ পরিবার বসবাস করছে। অনেকে আবার নিজ বাড়ি থাকা সত্ত্বেও ভাড়া থাকতে বাধ্য হচ্ছেন। কেউ এসব বাড়ি ভেঙে নতুন করতে চাইলেই তাঁকে গ্রেপ্তার করছে পুলিশ। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
শাঁখারীবাজার ভূমিমালিক স্বার্থরক্ষা পঞ্চায়েত কমিটির আহ্বায়ক অজয় কুমার নন্দী অভিযোগ করে বলেন, এই আইন বাতিলের দাবিতে গত বছরের ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় ১০ মাস পরও আইন বাতিল করা হয়নি। তাই আইন বাতিলের দাবিতে আগামী ১০ অক্টোবর শারদীয় দুর্গাপূজা পালন করবে না শাঁখারীবাজারের বাসিন্দারা। এ ছাড়া ওই দিন থেকেই আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, ২০০৪ সালে শাঁখারীবাজারের ৮১ নম্বর বাড়ি ধসে ১৯ জন নিহত হয়।