শাঁখারীবাজারের একটি ঝুঁকিপূর্ণ বাড়ি ভেঙে ফেলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শাঁখারীবাজারের ঝুঁকিপূর্ণ ৫৪ নম্বর বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া সারা দেশে ঐতিহ্যবাহী অনেক ভবন ভাঙার আয়োজন হচ্ছে বলে অভিযোগ করেছে আরবান স্টাডি গ্রুপ নামের একটি বেসরকারি সংস্থা। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ঝুঁকিপূর্ণ ভবন ও ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণ বিতর্ক’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম এই অভিযোগ করেন। তিনি বলেন, সাভারের রানা প্লাজা ধসের পর ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপের সুযোগ নিয়েছে কিছু নির্মাতা প্রতিষ্ঠান ও গোষ্ঠী। তারা দেশের ঐতিহ্যবাহী ভবনও ধ্বংস করে দিচ্ছে। এগুলো রক্ষায় সরকারকে আরও সচেতন হতে হবে।রাজধানীর ঐতিহাসিক, নান্দনিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ৯৩টি ভবন এবং শাঁখারীবাজারসহ সাতটি এলাকার নয়টি সড়ককে সংরক্ষিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। এতে বলা হয়, নগর উন্নয়ন কমিটির লিখিত অনুমতি ছাড়া সড়কের দুই পাশের স্থাপনা অপসারণ, পুনর্নির্মাণ, পরিবর্তন এমনকি সংস্কারও করা যাবে না। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ভবনগুলো মজবুতকরণ করার কথা বলা হয়। কিন্তু তারপর থেকে গত চার বছরে কিছু ঐহিত্যবাহী ভবন ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া ঐতিহ্যবাহী অথচ ঝুঁকিপূর্ণ কোনো ভবন আজ পর্যন্ত মজবুতকরণ করা হয়নি। জরাজীর্ণ এসব ভবনে ঝুঁকি নিয়ে বসবাস করছে মানুষ।খোঁজ নিয়ে জানা যায়, পুরান ঢাকার শাঁখারীবাজারের ৫৪ নম্বর বাড়িটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা ভেঙে ফেলেছেন মালিক বীরঙ্গ নন্দী। এলাকায় ওই বাড়িটির মতো আরও ১২০টি ঝুঁকিপূর্ণ বাড়ি রয়েছে। যেগুলো বসবাসের অনুপযোগী। বাড়ির মালিকদের অভিযোগ, ঐতিহ্য সংরক্ষণ করার নামে ঝুঁকিপূর্ণ জীবনযাপনে তাঁদের বাধ্য করা হচ্ছে।২০০৪ সালে শাঁখারীবাজারের ৮১ নম্বর বাড়িটি ধসে পড়ে ১৯ জন নিহত হন।