শাঁখারীবাজারের চার স্থাপনা না ভাঙতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজারের মোগল আমলের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙা থেকে বিরত রাখতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার বিচারপতি কামরুল
ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে ঢাকা শহরের প্রত্নতাত্ত্বিক স্থাপনা রক্ষণাবেক্ষণে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। গণপূর্ত ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সচিব, ঢাকা মহানগর কমিশনার, ঢাকার জেলা প্রশাসক, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালকসহ নয়জনকে বিবাদী করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ রাস মাসুউদ ও আশিক আল জলিল। পরে মো. বশির উল্লাহ বলেন, পুরান ঢাকার শাঁখারীবাজারের হোল্ডিং নম্বর ৬২, ৬৩, ৬৪ ও ৬৫-এর স্থাপনা ভাঙা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষণাবেক্ষণে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত। গত ২৮ ডিসেম্বর রিট আবেদনটি করেন আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী স্থপতি তৈমুর ইসলাম।