শাওনকে ফেসবুকে হুমকি চিকিৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ফেসবুকের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগে এহসানুজ্জামান খান নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চিকিৎসক এহসানুজ্জামান হুমকি দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কাজটা ঠিক হয়নি’। এহসানুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি জানাতে গতকাল দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে শাওন ও তাঁর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক এহসানুজ্জামান ২০০৮ সালে ২৭তম বিসিএসে নিয়োগ পান।সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ক্যাপ্টেন এম সোহায়েল বলেন, এহসানুজ্জামান ছোটবেলা থেকেই হুমায়ূন আহমেদের ভক্ত। কিন্তু শাওনকে বিয়ে করার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। এর পর থেকেই শাওনের প্রতি তাঁর ক্ষোভ বাড়তে থাকে। এ জন্য শাওনের প্রতি ঘৃণার প্রকাশ হিসেবে ফেসবুকে একটি গ্রুপ তৈরি করেন। গ্রুপে মোট সদস্য ১২০০ জন। এঁরা শাওনের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালান। একপর্যায়ে তাঁকে হুমকি দিতে শুরু করেন। এরপরই শাওনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয়।সংবাদ সম্মেলনে এহসানুজ্জামান বলেন, এতটা না ভেবে তিনি কাজটি করেছেন। এটা করা তাঁর ঠিক হয়নি। তবে র‌্যাব কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে এহসানুজ্জামান বলেন, তিনি মনে করেন শাওনের অবহেলার কারণেই হুমায়ূন আহমেদের মৃত্যু হয়েছে। যথাযথ চিকিৎসা পেলে তিনি মারা যেতেন না। এ ছাড়া তাঁর দাফনের স্থান নির্ধারণ নিয়ে যা হয়েছে, সেটা কারও কাম্য নয়। এসব কারণে তিনি ক্ষুব্ধ হয়ে ফেসবুকে এ দলটি তৈরি করেন।সংবাদ সম্মেলনে শাওন বলেন, দুই মাস আগে তিনি গ্রুপটির খবর পান। এরপর দুই-একবার ঢোকেন। একপর্যায়ে তিনি দেখতে পান ফেসবুকে তাঁর ফোন নম্বর ও ঠিকানা দেওয়া আছে। তিনি বলেন, ‘যে কেউ যে কারও সমালোচনা করতে পারেন, কিন্তু সেটা শালীনতা বজায় রেখেই করা উচিত।