শাওনকে হুমকি দেওয়া চিকিৎসককে আদালতে হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকি দেওয়ার অভিযোগে আটক চিকিৎসক এহসানুজ্জামান খানকে আজ বৃহস্পতিবার হাইকোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আটক ও রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এহসানুজ্জামানের ভাই আকিল উজ জামান গতকাল আবেদনটি (হেবিয়াস করাপস) করেন। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম শফিউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। এ কে এম শফিউদ্দিন প্রথম আলোকে বলেন, আদালত এহসানুজ্জামান খানকে আজ হাইকোর্টে হাজির করতে নির্দেশ দিয়েছেন। রুলও জারি করেছেন। এহসানুজ্জামান এখন রমনা থানায় রয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। মামলা ছাড়া জিডির ভিত্তিতে এভাবে রিমান্ডে নেওয়া বেআইনি।গত মঙ্গলবার এহসানুজ্জামান খানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম আতিকুর রহমান। ওই দিন রমনা থানার উপপরিদর্শক (এসআই) বশিরুল হক তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকি ও তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে রমনা থানায় সাধারণ ডায়েরি করেন শাওনের বাবা মোহাম্মদ আলী। এ ঘটনায় র্যা ব এহসানুজ্জামানকে আটক করে।