শাওনের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুক্তাদির শাওনের ওপর হামলার প্রতিবাদে তাঁর সহপাঠীরা গতকাল ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মৌন মিছিল বের করেন। ছবিটি সকালে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুক্তাদির শাওনের ওপর হামলার প্রতিবাদে তাঁর সহপাঠীরা গতকাল ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মৌন মিছিল বের করেন। ছবিটি সকালে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার কৌশল বিভাগের শেষ বর্ষের (১১ ব্যাচ) ছাত্র মুক্তাদির শাওনের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তাঁর সহপাঠী ও বন্ধুরা। কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি। গতকাল রোববার চুয়েট ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।
শাওনের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি দিতে গতকাল সকাল নয়টায় ক্লাস বর্জন করে উপাচার্যের কার্যালয়ে যান ১১ ব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য মো. হযরত আলী ও রেজিস্ট্রার ফারুক উজ জামান চৌধুরীর স্মারকলিপি গ্রহণ করেন। পরে বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ২৭ সেপ্টেম্বর রাতে শাওনকে নিজ ছাত্রাবাস থেকে ডেকে নেন কয়েকজন ছাত্র। তাঁকে বিশ্ববিদ্যালয়ের পাশের ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নিয়ে পিটিয়ে আহত করা হয়। শাওন ছাত্রলীগের কর্মী। চুয়েটে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও দুটি পক্ষ সক্রিয়। শাওন এক পক্ষের কর্মী। বর্তমানে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়ে প্ল্যাকার্ড বহন করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলাকারীরা এ কর্মসূচি পালন না করার জন্য বিভিন্নভাবে সাধারণ ছাত্রদের ভয়ভীতি দেখিয়েছে। শিক্ষার্থীরা জানান, শাওনের হামলাকারীদের বিচারের দাবিতে তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সহকারী ছাত্র কল্যাণ পরিচালক জি এম সাদিকুল ইসলাম ও শাওনের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক শামসুল আরেফিন।

এদিকে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে আহ্বান জানিয়ে গতকাল বিভিন্ন ছাত্রাবাসে বিজ্ঞপ্তি টাঙিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার থেকে বুধবার প্রতিদিন বেলা তিনটা থেকে ছাত্রকল্যাণ দপ্তরে সাক্ষ্য গ্রহণ করা হবে।