শাওনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার জ্বালানি তেল ব্যবসায়ী মো. শাওনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার বিক্ষোভ ও থানা ঘেরাও করেছেন এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী শাওন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমানের ক্যাডার বাসু ও রাকিবসহ খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
প্রত্যক্ষদর্শী ও এলাকার অনেকে জানান, শাওনের খুনি বাসুর ভাই শাকিল মতিউর রহমানের অন্যতম দেহরক্ষী। মতিউর স্থানীয় সাংসদের আস্থাভাজন হিসেবে পরিচিত। আর খুনিরা মতিউরের অনুগত ক্যাডার। এ কারণে তাঁদের গ্রেপ্তার করছে না পুলিশ। এরপর গতকাল দুপুরে থানা ঘেরাও করে এলাকাবাসী অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় থানার ওসি মো. আলাউদ্দিন এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী থানার সামনে থেকে চলে যান।
১০ জুলাই সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দৌলদী গ্রামের একটি ধরচেখেত থেকে শাওনের লাশ উদ্ধার করা হয়। নিহতের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ছিল। ওই সময় পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে ১১ জুলাই মাসদাইর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তাঁর লাশ দাফন করা হয়। ওই ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। ১২ জুলাই তাঁর পরিবার শাওনের লাশ শনাক্ত করলে আদালত লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। ১৬ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাসদাইর পৌর কবরস্থান থেকে শাওনের লাশ উত্তোলন করা হয়।