শাক খাওয়া উৎসব
বাজারের শাক দ্বিগুণ দামেও মুহূর্তে শেষ। বাড়ির পাশে ঝোপঝাড়ের মধ্যে থেকেও মানুষ খুঁজে খুঁজে নিয়ে আসেন বিভিন্ন ধরনের শাক। আর এসব শাক খাওয়ার এক অন্য রকম উৎসব হয়ে গেছে গতকাল বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে।
হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা যায়, কালীপূজার আগের দিন চতুর্দশী রাতে তাঁরা ১৪ ধরনের শাক রান্না করে খেয়ে থাকেন। আয়ুর্বেদ অনুযায়ীই এই শাক খাওয়ার রীতি চালু হয়েছিল। বর্ষার শেষে শাক খেতে হয়। তার ওপরে ঋতু পরিবর্তনের সময়ে নানা ধরনের রোগ হয়। তা নিরাময়ের জন্যও এই শাক খাওয়ার চল হয়েছে। তবে এখন অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও ১৪ ধরনের শাক সংগ্রহ করতে পারেন না।
উপজেলার বানাইল মহল্লার ছন্দা রানী (৪৫) বলেন, ‘আগে এই ১৪ ধরনের শাকের বেশির ভাগই ছিল তেতো। এখনকার পুঁই, লালশাক বা লাউশাক নয়। সেগুলো হলো ওল, বেতো, কালকাসুন্দা, সরষে, সালিষ্ণা, জয়ন্তী, ভাট, হিষ্ণে, ঘেটু ধরনের শাক। এখন অবশ্য এসব শাক পাওয়া যায় না। এখন অন্য শাক দিয়ে ১৪ শাকের হিসাব পূরণ করতে হচ্ছে।’
গতকাল সকালে উপজেলার মহাস্থান কাঁচাবাজারে কথা হয় উথলী গ্রামের গণেশ সাহার (৪০) সঙ্গে। তিনি বলেন, ‘আমি শাক সংগ্রহের জন্য এ বাজারে এসেছি। কিন্তু অনেক চেষ্টা করেও আট ধরনের বেশি শাক সংগ্রহ করতে পারলাম না। যেটুকু পারা যায় তা দিয়েই শাক রান্না হবে। তা ছাড়া কী আর করার আছে।’
পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের সবজি ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (৩৫) বলেন, ‘আমি ছয় ধরনের শাক বিক্রির জন্য তুলেছিলাম। অল্প সময়ের মধ্যেই তা বিক্রি হয়ে গেছে।’
উপজেলার বানাইল মহল্লার পুরোহিত প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘প্রায় ২০০ বছর আগে যখন থেকে এলাকায় কালীপূজা শুরু হয়েছে, তখন থেকেই এ রাতে ১৪ ধরনের শাক দিয়ে তরকারি রান্না করে খাওয়ার রীতি চলে আসছে।’