শাক রেঁধে পুরস্কার
কুড়িয়ে পাওয়া খাদ্য অর্থাৎ আবাদ না করেই বাড়ির আনাচকানাচে, ডোবায় পাওয়া শাকের রান্না প্রতিযোগিতা, স্বাদ ও খাদ্য শিক্ষা কর্মসূচির মধ্য দিয়ে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলের টিকইল গ্রামে বিশ্ব ধরিত্রী দিবস উদ্যাপন করা হয়। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এ ব্যতিক্রমী আয়োজন করে। একটি রান্না খাওয়ার পর অন্য রান্নার স্বাদ বোঝার জন্য বিচারককে হরীতকী ভেজানো পানি খাওয়ানো হয়। বিচারকেরা জানান, নম্বর দিতে গিয়ে হিমশিম খেতে হয় তাঁদের। কেননা প্রতিটি রান্নাই দারুণ স্বাদের।নিনদালি শাক রান্না করে প্রথম হন টিকইল গ্রামের মিনতি বর্মণ, কাঁটাখুড়া রান্না করে দ্বিতীয় হন গোসাইপুর গ্রামের সরলা বালা সিংহ।নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অংশগ্রহণকারী সবাইকেই বিশেষ পুরস্কার দেওয়া হয়।