শাকিবকে বাদ দিয়ে অভিযোগপত্র

‘রাজনীতি’ চলচ্চিত্রের পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে আজ বুধবার হবিগঞ্জ আমলি আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। পাশাপাশি পুলিশ এ মামলার অভিযোগ থেকে চিত্রনায়ক শাকিব খানকে বাদ দিয়েছে।
হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা জাহান এ অভিযোগপত্রের ওপর আগামী ১০ মে শুনানির দিন ধার্য করেছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী এম এ মজিদ প্রথম আলোকে বলেন, শাকিব খানকে অভিযোগ থেকে বাদ দেওয়ায় তাঁরা আদালতে নারাজি আবেদন করবেন। এখানে সুষ্ঠু তদন্ত হয়নি বলে দাবি করেন এ আইনজীবী।
মামলার অভিযোগে জানা গেছে, ‘রাজনীতি’ সিনেমার সংলাপের একটি অংশে শাকিব খান একটি মুঠোফোন নম্বর উচ্চারণ করেন। সিনেমায় ব্যবহৃত এ মুঠোফোন নম্বরের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়ার ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি। ইজাজুল পেশায় একজন রাজমিস্ত্রি।
ইজাজুল অভিযোগ করেন, চলচ্চিত্রে তাঁর অনুমতি ছাড়া এ মুঠোফোন নম্বরটি ব্যবহার করায় তাঁর ব্যক্তিগত জীবন অশান্ত হয়ে উঠেছে। দিনের অধিকাংশ সময়ই উটকো ফোন আসছে। সামাজিকভাবে হেয় হচ্ছেন তিনি।
ইজাজুল মিয়া আরও জানান, তাঁর ব্যক্তিগত এই মুঠোফোন নম্বরে গত ১০ জুলাই থেকে ১৫ জুলাই রাত পর্যন্ত ৪৩২বার ফোনকল আসে। তাঁদের বেশির ভাগই নারী ও কিশোরীরা। তাঁরা শাকিব খানের নম্বর মনে করে অনবরত এ ফোন কল দিয়ে আসছিলেন। এমনও হয়েছে, শাকিব খান মনে করে খুলনা থেকে এক গৃহকর্মী তাঁর বাড়িতে এসে হাজির হন। এসব নিয়ে এখন তাঁর সংসার ভাঙার উপক্রম হয়েছে।
সিনেমার এ সংলাপে বাদীর অনুমোদন ছাড়া মুঠোফোন নম্বর ব্যবহার করায় ক্ষুব্ধ হয়ে ইজাজুল ইসলাম গত বছরের ২৯ অক্টোবর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা জাহানের আদালতে প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করেন। এতে তিনি চিত্রনায়ক শাকিব খান, ‘রাজনীতি’ চলচ্চিত্রের পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকে আসামি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি)কে তদন্তের নির্দেশ দেন। প্রায় সাড়ে চার মাস তদন্তের পর আজ হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বুলবুল বিশ্বাস ও আশফাক আহমেদের ওপর প্যানেল কোডের ৫০০ ধারায় অভিযোগ আনা হয়। তবে শাকিব খানের নাম বাদ দেন ওই তদন্তকারী কর্মকর্তা।