শাকিবকে হুমকির প্রতিবাদে শিল্পীদের শুটিং-ডাবিং বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়ক শাকিব খানকে হত্যা করার হুমকি দেওয়ার প্রতিবাদে চলচ্চিত্র শিল্পীরা গতকাল রোববার শুটিং ও ডাবিং বন্ধ করে দিয়েছেন। বেলা ১১টায় শিল্পী সমিতির কর্মকর্তারা জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ বলেন, ‘শাকিবের মতো জনপ্রিয় শিল্পীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, এসব ঘটনার প্রতিবাদ জানাতেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি।’ তিনি জানান, প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সংস্থাসহ অন্যান্য সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।শাকিব খানের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা মর্ম ত্রিপুরা জানিয়েছেন, আসামিদের ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। শনিবার এফডিসির ৩ নম্বর রূপসজ্জা কক্ষে শিডিউল জটিলতা নিয়ে কথা বলার সময় অস্ত্র প্রদর্শন করে চলচ্চিত্র প্রযোজক আবদুল আজীজ ও শিশ মোহাম্মদ। এ ঘটনায় শাকিব বাদী হয়ে দুই প্রযোজকসহ পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।