শাকিলাকে রিমান্ডে নিতে আদালতে র‍্যাবের আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী শাকিলা ফারজানার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দ্বিতীয় দফায় তাকে রিমান্ডে নিতে র্যা বের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম শিপলু কুমার দে শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ড শুনানির দিন ধার্য থাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল শাকিলাকে আদালতে হাজির করা হয়। গত ১৮ আগস্ট ঢাকা থেকে তিন আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে গ্রেপ্তার করে র্যা ব-৭। ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। শাকিলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।
রিমান্ড আবেদনের বিষয়ে আসামির আইনজীবী আবদুস সাত্তার বলেন, শাকিলা ফারজানাকে হাটহাজারী থানার মামলায় এর আগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল র্যা ব। জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নয় দাবি করে এ মামলায় শাকিলা গত ২৬ আগস্ট আদালতে জবানবন্দিও দেন। এরপরও এ মামলায় আবারও তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে র্যা ব। আসামি জবানবন্দি দেওয়ার পর দ্বিতীয় দফায় একই মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার নজির নেই জানিয়ে গতকাল আদালতে শাকিলার রিমান্ড আবেদন বাতিলের আবেদন করা হয়েছে। একই সঙ্গে অসুস্থ শাকিলার জন্য মেডিকেল বোর্ড গঠনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন বাতিল করেন। আদালত মেডিকেল বোর্ড গঠনের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ককে (জেল সুপার) নির্দেশ দেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাকিলা ফারজানাকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যা ব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন। শুনানিতে আদালতকে জানানো হয়, শাকিলা ইতিপূর্বে দেওয়া তাঁর জবানবন্দিতে টাকা নেওয়া ও ফেরত দেওয়ার কথা স্বীকার করেছেন। কিন্তু টাকাগুলো কাকে ফেরত দিয়েছেন, তাদের নাম বলেননি। শাকিলাকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত জঙ্গিদের শনাক্ত করে যথাযথ তদন্তের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। কিন্তু আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন।