শাকিলার কোলে 'একুশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পরই শিশুটির থাকার কথা ছিল মায়ের কোলে। কিন্তু তার ঠাঁই হয় ডাস্টবিনে; সেখান থেকে হাসপাতালে। এভাবে কেটেছে দেড় মাস। শেষ পর্যন্ত নিঃসন্তান এক নারীর কোল পেল শিশু ‘একুশ’। কুড়িয়ে পাওয়া ছেলেটিকে গতকাল বুধবার নিজেদের জিম্মায় নিয়েছেন শাকিলা আক্তার-মো. জাকের ইসলাম দম্পতি। এখন থেকে তাঁরাই শিশুটির নতুন ঠিকানা।
প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ (শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌসের আদালতে গতকাল বেলা সাড়ে তিনটায় শিশুটিকে শাকিলার কোলে তুলে দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার দেবাশীষ কুমার রায়। এ সময় শাকিলার স্বামী চিকিৎসক জাকের ইসলাম পাশে ছিলেন। এর আগে গত ২৯ মার্চ কয়েকটি শর্ত সাপেক্ষে শিশুটিকে শাকিলা-জাকের দম্পতির জিম্মায় দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত।
শাকিলার কাছে হস্তান্তরের আগে একুশের নামে ১০ লাখ টাকার শিক্ষাবিমার কাগজসহ প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করে দেখেন বিচারক। এ সময় শাকিলার উদ্দেশে তিনি বলেন, শিশুটির নামের সঙ্গে একুশ থাকতে হবে। কারণ আদালত থেকে একুশ নামে শিশুটিকে জিম্মায় দেওয়া হচ্ছে। পরে চাইলে একুশ নামটি রেখে এর সঙ্গে অন্য কোনা নাম যুক্ত করতে পারবেন তাঁরা।
পরে বিচারক জান্নাতুল ফেরদৌস আদালতকক্ষে সবার উদ্দেশে বলেন, ‘আমার স্বামী অসুস্থ অবস্থায় হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন। তারপরও আমি এসেছি বিপন্ন একটি শিশুকে বাঁচানোর জন্য। রাষ্ট্রীয় ও মানবিক দায়িত্ব পালনের জন্য।’

শিশু ‘একুশ’ কেবল ঠিকানাই পেল না, পেল মায়ের কোল আর বাবার স্নেহ। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় নিজ বাসায় পরম মমতায় একুশকে আগলে রেখেছেন শাকিলা আক্তার ও জাকের ইসলাম। গতকাল সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো
শিশু ‘একুশ’ কেবল ঠিকানাই পেল না, পেল মায়ের কোল আর বাবার স্নেহ। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় নিজ বাসায় পরম মমতায় একুশকে আগলে রেখেছেন শাকিলা আক্তার ও জাকের ইসলাম। গতকাল সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো

শিশুটিকে জিম্মায় পেলেও শাকিলা-জাকের দম্পতিকে কয়েকটি শর্ত মানতে হবে। এর মধ্যে একটি শর্ত হচ্ছে, শিশুটির প্রকৃত মা-বাবার সন্ধান পাওয়া গেলে এবং তাঁরা নিতে চাইলে প্রমাণ সাপেক্ষে (ডিএনএ পরীক্ষা-নিরীক্ষা) শিশুটিকে ফেরত দিতে হবে। গতকাল বিচারক শর্তটির কথা উল্লেখ করে শাকিলা-জাকের দম্পতিকে বলেন, ‘এই শর্তে আপনারা আশাহত হবেন না। কে শিশুটিকে ফেলেছেন বা কী পরিস্থিতিতে ফেলেছেন সেটি নিশ্চিত না। সে কারণে জন্মদাত্রী মায়ের অধিকার সংরক্ষণের জন্য এই পথটি খোলা রাখা হয়েছে। আর আপনারা সব সময়ই শিশুটির বাবা-মা থেকে যাবেন।’
এরপর বিচারক জন্মের পর শিশুটিকে প্রথম রক্ত দেওয়া চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আলম ও শিশু আদালতের কৌঁসুলি এম এ ফয়েজকে এজলাসে ডেকে আনেন। এই দুজনসহ যাঁরা শিশুটির দেখভাল করেছিলেন, তাঁদের সবার অবদানের কথা উল্লেখ করেন তিনি।
এজলাস ছেড়ে যাওয়ার আগে বিচারক শাকিলা-জাকের দম্পতিকে শেষবারের মতো বলেন, ‘আশা করি একুশকে এমনভাবে মানুষ করবেন, যাতে সে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ হয়ে উঠতে পারে।’
শিশুটিকে হস্তান্তরের পর আদালত চত্বরে কাঁদতে থাকেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের জ্যেষ্ঠ নার্স শিখা ভট্টাচার্য। তিনি প্রথম আলোকে বলেন, একুশকে তার মায়ের কোলে তুলে দিতে যেমন আনন্দ লেগেছে, তেমনি খুব কষ্টও হচ্ছে। ও আমাদের খুব আদরের ছিল।’
আদালত থেকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় নিজেদের বাসায় শিশুটিকে নিয়ে যান শাকিলা-জাকের দম্পতি।
গত ২০ ফেব্রুয়ারি রাত ১০টায় চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকার একটি ডাস্টবিনে পাওয়া যায় শিশুটিকে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। একুশের প্রথম প্রহরের কিছুক্ষণ আগে শিশুটিকে উদ্ধার করার কারণে তার নাম রাখা হয় ‘একুশ’। শিশুটিকে পেতে আদালতে ১৬ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ১২ জন আবেদনকারীর উপস্থিতিতে যাচাই-বাছাই ও শুনানি শেষে গত ২৯ মার্চ আদালত একুশকে শাকিলা-জাকের দম্পতির জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।
শিশু আদালতের সরকারি কৌঁসুলি এম এ ফয়েজ বলেন, তিন মাস পর শিশুটিকে আবার আদালতে হাজির করতে হবে। আদালতের নির্দশ অনুযায়ী প্রথম বছরে প্রতি তিন মাস অন্তর, দ্বিতীয় বছরে ছয় মাস পর পর এবং তৃতীয় বছর থেকে ১৮ বছর পর্যন্ত প্রতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শিশুটিকে আদালতে হাজির করে তার অবস্থা জানাতে হবে।