শাকিলার জামিন ৫ জুন পর্যন্ত স্থগিত
সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ ৫ জুন পর্যন্ত বাড়িয়েছেন আপিল বিভাগ।
শাকিলাকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল বুধবার ওই আবেদনের শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেন। সংশ্লিষ্ট আইনজীবীরা বলেছেন, এর ফলে ৫ জুন পর্যন্ত শাকিলার জামিন স্থগিত থাকবে।
জঙ্গি অর্থায়নের অভিযোগে গত বছরের ১৮ আগস্ট ঢাকা থেকে শাকিলাসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ২৮ নভেম্বর দুই মামলায় বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করেন শাকিলা। গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত জামিন স্থগিত করেন।