শাকিলার রিমান্ড আবেদনের শুনানি ১৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী শাকিলা ফারজানার রিমান্ড আবেদনের বিষয়ে ১৮ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম এ আদেশ দেন।
গত ১৮ আগস্ট ঢাকা থেকে তিন আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব-৭। ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখায় র্যাব। শাকিলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক। তিনি বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাকিলা ফারজানাকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ডের আবেদন করে র্যাব। কিন্তু মামলার কেস ডকেট (সিডি) না থাকায় আংশিক শুনানি হয়। আদালত পূর্ণাঙ্গ শুনানির জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করেছেন।
আসামির আইনজীবী আবদুস সাত্তার বলেন, শাকিলা ফারজানাকে হাটহাজারী থানার মামলায় এর আগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল র্যাব। জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নন দাবি করে এ মামলায় শাকিলা আদালতে জবানবন্দিও দেন। এরপরও এ মামলায় আবারও তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে র্যাব। আসামি জবানবন্দি দেওয়ার পর দ্বিতীয় দফায় একই মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার নজির নেই জানিয়ে গতকাল আদালতে শাকিলার রিমান্ড আবেদন বাতিলের আবেদন করা হয়েছে।
শুনানির দিন ধার্য থাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল শাকিলাকে আদালতে হাজির করা হয়।