শাকিলার রিমান্ড নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিলা ফারজানা
শাকিলা ফারজানা

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী শাকিলা ফারজানার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার শুনানি শেষে আজ রোববার সকালে চট্টগ্রামের বিচারিক হাকিম শিপলু কুমার দে এ আদেশ দেন।
‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে ১৮ আগস্ট ঢাকা থেকে তিন আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। পরে তাঁদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানে​া হয়। শাকিলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক। তিনি বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।
শাকিলা ফারজানাকে হাটহাজারী থানার মামলায় এর আগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল র‍্যাব। জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নন দাবি করে শাকিলা জবানবন্দি দেন। আবার তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করে র‍্যাব।
শাকিলার আইনজীবী আবদুস সাত্তার বলেন, কোনো মামলায় জবানবন্দি দেওয়ার পর দ্বিতীয় দফায় আসামিকে রিমান্ডে নেওয়ার নজির নেই। আসামিকে হয়রানি করার জন্য রিমান্ডে নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এএইচএম মসিউর রহমান বলেন, রিমান্ড আবেদন শুনানির জন্য শাকিলাকে আজ সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে দেন। পরে শাকিলাকে কারাগারে নেওয়া হয়।