শাখা খোলার অনুমতি না মেলায় পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকের সংখ্যা কম হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। অতিরিক্ত শিক্ষার্থীদের চাপে বেশির ভাগ বিদ্যালয়ে শাখা খোলার প্রয়োজনীয়তা দেখা দিলেও এ ব্যাপারে অনুমতি মিলছে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বেড়া উপজেলায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই। এমপিওভুক্ত ১৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের মতে, মোট শিক্ষার্থীদের অনুপাতে বেড়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে বেশির ভাগ বিদ্যালয়েই শিক্ষার্থীদের চাপ অনেক বেশি। কিন্তু সেই তুলনায় শিক্ষক রয়েছেন কম। উপজেলার নাটিয়াবাড়ী ধোবাখোলা করনেশন উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থীর জন্য এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন মাত্র ১৬ জন। বিদ্যালয় কর্তৃপক্ষ শাখা খোলার আবেদন করেও কোনো ফল পায়নি। নিরূপায় হয়ে তাঁরা নিজস্ব ব্যবস্থাপনায় শ্রেণীগুলোকে ১৪টি শাখায় বিভক্ত করে কোনো রকমে পাঠদান চালিয়ে নিচ্ছেন। তবে এ জন্য ১৪ জন খণ্ডকালীন শিক্ষককে নিয়োগ দিতে হয়েছে। ঘুরে দেখা গেছে, ১৪টি শাখায় বিভক্ত করার পরও কয়েকটি শ্রেণীতে সরকার নির্দেশিত ছাত্র-শিক্ষক অনুপাতের দুই থেকে তিন গুণ শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক বলেন, শিক্ষক স্বল্পতায় বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী বিদ্যালয়ে কমপক্ষে আরও ১০ জন এমপিওভুক্ত শিক্ষকের প্রয়োজন।আমিনপুর আয়েন উদ্দিন উচ্চবিদ্যায়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ১৩ জন এমপিওভুক্ত শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র ১০ জন। অথচ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আট শতাধিক।’ এক হাজার ২০০ শিক্ষার্থী রয়েছে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চবিদ্যালয়ে। বিপুল সংখ্যক শিক্ষার্থী থাকার বিষয় উল্লেখ করে বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগে বারবার শাখা খোলার আবেদন করেও কোনো ফল পায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় তাদের শাখা খুলতে হয়েছে। শিক্ষক স্বল্পতা থাকায় নামমাত্র সম্মানিতে সাতজন শিক্ষক চুক্তিভিত্তিক হিসেবে রাখা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াসউদ্দিন বলেন, খণ্ডকালীন শিক্ষক নেওয়া হলেও তাঁদের অভিজ্ঞতা যেমন নেই, তেমনি প্রত্যাশিত কাজও তাঁদের কাছ থেকে পাওয়া যায় না। কাজেই বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নের জন্য স্থায়ী বা এমপিওভুক্ত শিক্ষকের বিকল্প নেই। বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদৎ হোসেন বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের তুলনায় শিক্ষক কম হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরেই আমাদের কার্যালয় থেকে সংশ্লিষ্ট বিভাগে এ ব্যাপারে জোর সুুপারিশ করা হচ্ছে। শাখা খোলার অনুমোদন মিললে বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা অনেকটাই নিরসন হবে।’