শাখা ডাকঘরের কাজ মুদি দোকান ও বাসায়
নড়াইল-যশোর সীমান্তবর্তী যশোর বাঘারপাড়া উপজেলার বাঁকড়ি বাজারের একটি মুদি দোকান। দোকানদার টিকেন বিশ্বাস (৬৬) পণ্য বিক্রির পাশাপাশি খাম, ডাকটিকিট, পোস্টকার্ডও বিক্রি করেন। তাঁর দোকানঘরের সামনে একটি ওষুধের দোকান। সেখানে ঝোলানো একটি চিঠি ফেলার বাক্স। পাশের দুটি গাছে ডাকঘরের সাইনবোর্ড সাঁটানো। এই মুদি দোকানের আরেকটি পরিচয় হলো, এটি বাঁকড়ি শাখা ডাকঘরের কার্যালয়। আর টিকেন বিশ্বাস হলেন এ শাখার পোস্টমাস্টার। পোস্টমাস্টার ছাড়াও এ ডাকঘরে একজন পিয়ন এবং একজন রানার রয়েছেন।পোস্টমাস্টার টিকেন বিশ্বাস বলেন, ‘১৯৫৫ সালে বাঁকড়ি শাখা ডাকঘর প্রতিষ্ঠিত হয়। যশোরের বাঘারপাড়া উপজেলার বাঁকড়ি, বেনাহাটি, দোগাছি, ঘোড়ানাচ, কমলাপুর এবং নড়াইল সদর উপজেলার গুয়াখোলা, হাতিয়ারা বাকলি, মালিয়াটসহ আশপাশের ১৩টি গ্রামের মানুষ চিঠিপত্র আদান-প্রদান ও মনিঅর্ডার করেন এই ডাকঘরের মাধ্যমে। স্থায়ী ভবন নির্মাণের জন্য স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ চার শতাংশ জায়গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখে দিলেও ভবন নির্মাণের উদ্যোগ নেই।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ১০টি জেলায় মোট এক হাজার ১৩৪টি শাখা ডাকঘর রয়েছে। বেশির ভাগ শাখা ডাকঘরের নিজস্ব কোনো ভবন নেই। পোস্টমাস্টার জেনারেল খুলনা অফিসের সহকারী প্রকৌশলী রজব আলী বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে এ রকম আট হাজার শাখা ডাকঘর রয়েছে। এর মধ্যে এক হাজার ৫০০ শাখায় ভবন নির্মাণ করা হয়েছে। চলতি বছর আরও দুই হাজার অফিস ভবন নির্মাণের জন্য একনেকে অনুমোদন হয়েছে। এর মধ্যে এক হাজার নতুন ভবন নির্মাণ করা হবে এবং এক হাজার এক কক্ষবিশিষ্ট পুরোনো ভবনকে দুই কক্ষে উন্নীত করা হবে। সবগুলোতে ইন্টারনেট সেন্টার বসানো হবে। সরেজমিনে দেখা গেছে, খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ডাকঘরের কাজ চলে শরিফুল ইসলামের বিমা অফিসে। ফুলতলা উপজেলার হিদিয়া ডাকঘর চলে বাকা মিয়ার বাড়িতে। যশোর নওয়াপাড়া তপনভাগ ডাকঘরের সাইনবোর্ড স্থানীয় কাদের মৌলভীর মুদি দোকানে লটকানো থাকলেও এর কাজকর্ম চলে তাঁর বাড়িতে। নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি শাখা ডাকঘরের কাজ চলে স্থানীন বাজারের খান মেডিকেল স্টোরে। খাশিয়াল ইউনিয়নের শাখা ডাকঘরের কাজ চলে পোস্টমাস্টার কামরুল ইসলামের বাড়িতে। পিড়লীস্থানের ডাকঘর চলে ফরিদুল ইসলামের বাড়িতে। প্রায় একই ধরনের অবস্থা অন্যান্য ডাকঘরগুলোর। শাখা ডাক বিভাগ নিয়ন্ত্রক নজরুল ইসলাম বলেন, শাখা ডাকঘরগুলোকে এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট বলা হয়। এখানে কর্মরত ব্যক্তিরা সরকারি চাকুরে নন। এ জন্য বেতনের বদলে তাঁরা মাসিক ভাতা পান। খুলনা সহকারী পোস্টমাস্টার জেনারেল মো. রিয়াজ উদ্দীন খান বলেন, শাখা ডাকঘরগুলোতে খুব তাড়াতাড়ি নতুন ভবন নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে।