শাখা যমুনা নদীর ভাঙনে হুমকিতে ১০টি গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাখা যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ১০টি গ্রাম। ছবিটি সম্প্রতি উপজেলার ঘাসুরিয়া বিজিবি ক্যাম্পের সামনে থেকে তোলা l প্রথম আলো
শাখা যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ১০টি গ্রাম। ছবিটি সম্প্রতি উপজেলার ঘাসুরিয়া বিজিবি ক্যাম্পের সামনে থেকে তোলা l প্রথম আলো

শাখা যমুনা নদীর ভাঙনে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ১০টি গ্রাম, ফসলি জমি, সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ক্যাম্প প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

১০ আগস্ট সরেজমিনে দেখা যায়, শাখা যমুনা নদীটি ঘাসুরিয়া বিজিবি ক্যাম্পের ঠিক সামনে গতিপথ পরিবর্তন করে পশ্চিম দিকে সরে এসেছে। এতে বিজিবি ক্যাম্পের সামনে কাটলা-ঘাসুরিয়া কাঁচা সড়কটিতে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত বছর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া বাঁশের বেড়া ও বালুর বস্তাগুলো নদীর স্রোতে বিলীন হয়ে গেছে। সড়কের পাশে তৈরি হয়েছে বড় বড় গর্ত।

ঘাসুরিয়া গ্রামের ইসমাইল হোসেন (৫২), গোবিন্দপুর গ্রামের নিপেন চন্দ্র (৬০) ও রামচন্দ্রপুর গ্রামের মজিবর রহমান (৪৮) বলেন, ১০ বছর আগে থেকে নদীটি ঠিক বিজিবি ক্যাম্পের সামনের অংশে গতিপথ পরিবর্তন করে পশ্চিম দিকে ভাঙতে ভাঙতে এগোতে থাকে। নদীটির পূর্ব পাড়ে নতুন করে একটি ঢিবি সৃষ্টি হওয়ায় নদীর গতিপথ দ্রুত পশ্চিম দিকে প্রায় ২০০ গজ এগিয়ে এসেছে। গত বছর থেকে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এবারের টানা বর্ষণে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজিবি ২৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কোরবান আলী প্রথম আলোকে বলেন, গত বছর ভাঙন তীব্র আকার ধারণ করলে বিজিবি থেকে পাউবোকে লিখিতভাবে জানানো ও ভাঙনের ছবি পাঠানো হয়। ইউনিয়ন পরিষদ (ইউপি) ও বিজিবি ঢিবিটির কিছু অংশ কেটে নদীর গতিপথ পরিবর্তন করার চেষ্টা করা হয়। গত বছর জুলাই মাসের শেষ দিকে পাউবো বাঁশের খুঁটি, বালুর বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করে। এ বছর টানা বর্ষণে ভাঙন তীব্র আকার ধারণ করলে বিজিবি সদস্যরা স্থানীয় লোকজনের সঙ্গে নিয়ে বাঁশ, কাঠ, টিন ও বালুর বস্তা দিয়ে অস্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের চেষ্টা করেন।

কাটলা ইউপির চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, নদীর ভাঙনে ঘাসুরিয়া অংশে সড়কটি ভেঙে গেলে ইউনিয়নের ঘাসুরিয়া, গোবিন্দপুর, চৌঘুরিয়া, দামোদরপুর, জোলাপাড়া, চণ্ডীপুর, রামচন্দ্রপুরসহ ১০টি গ্রাম প্লাবিত হবে। এসব গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ, ফসলি জমি, সাতটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হবে। ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন।

দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক প্রথম আলোকে বলেন, তিনি সরেজমিনে ভাঙনস্থল পরিদর্শন করেছেন। ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাউবোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন, মন্ত্রণালয়েও কথা বলবেন।

এ ব্যাপারে দিনাজপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোকতার হোসেন খান প্রথম আলোকে বলেন, বরাদ্দ না থাকায় ভাঙন স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। ভাঙন স্থানে ব্লক বসানোর জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে চাহিদা দেওয়া হয়েছে।