শাখার কার্যক্রম বন্ধ ব্যবস্থাপকসহ আটক ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংকিং খাতে নজিরবিহীন এক দুঃসাহসিক চুরির ঘটনার জের ধরে কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখার কার্যক্রম গতকাল সোমবার থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ অর্থ লুটকে দেশের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনা হিসেবে দেখা হচ্ছে। টাকা লুটের খবরে গতকাল হাজারো উৎসুক জনতা ও গ্রাহক ব্যাংকটির সামনে জড়ো হন এবং অনেকে এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।
এদিকে ব্যাংকের ব্যবস্থাপক মো. হুমায়ূন কবীর ভূঁঞা, যুগ্ম জিম্মাদার মো. মুহসীনুল হক ও হাসান আহম্মদ মঈনসহ ১২ জন কর্মকর্তা-কর্মচারীকে গতকাল সোমবার আটক করেছে পুলিশ। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহেনশাহ মাহমুদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে আরও ১৩ জনকে। এর আগে রোববার দায়িত্বে অবহেলার অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
১০০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করে দুর্বৃত্তরা ব্যাংকটিতে ঢুকে ভল্ট থেকে ১৬ কোটি ৯০ লাখ টাকা লুটে নিয়েছে। দুদিন সাপ্তাহিক ছুটির পর কর্মদিবসের প্রথম দিন রোববার কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে আসার পর ঘটনাটি ধরা পড়ে। শাখাটির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ পাহারার মধ্যেই এ বিপুল পরিমাণ অর্থ চুরির ঘটনা ঘটেছে।
ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক এ কে এম ফজলুল হক বলেন, দুর্ধর্ষ চুরির ঘটনার পর কর্মকর্তা-কর্মচারী না আসায় গতকাল থেকে ব্যাংকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহফুজুল হক নূরুজ্জামান গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তাঁরা ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছেন। অত্যন্ত কৌশলে টাকা লুট করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্তও গতকাল ঢাকা থেকে এসে ব্যাংকটি পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে।
এ কমিটির পাশাপাশি পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে একটি বিশেষ দলও তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহজাহানের নেতৃত্বে গঠিত হয়েছে ১৫ সদস্যের দলটি।
মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, চারটি ক্যাপ ও দুটি মাস্ক ডিএনএ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে আরও কিছু আলামত। তদন্তের স্বার্থে এ মুহূর্তে তেমন কিছু বলা যাবে না। সিলেট থেকে সিআইডির আরেকটি দল তাদের সঙ্গে যোগদানের পর ঘটনা উদ্ঘাটনে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংকের উপমহাব্যবস্থাপক শেখ মো. আমানুল্লাহ রোববার রাতে অজ্ঞাতসংখ্যক দুর্বৃত্তকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন।
সবচেয়ে বড় লুটের ঘটনা: রোববার ধরা পড়া এ অর্থ লুটকে দেশের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এটি ভাবিয়ে তুলেছে সব ব্যাংকেরই কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সঙ্গে সাধারণ গ্রাহকদের। সুড়ঙ্গ করে টাকা লুটের ঘটনায় গতকাল বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকেরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে সোনালী ব্যাংকের তদন্ত দলের সদস্য মহাব্যবস্থাপক মো. হাসান ইকবাল প্রথম আলোকে বলেন, ব্যাংকের ইতিহাসে এমন চাঞ্চল্যকর ও দুঃসাহসিক টাকা লুট এর আগে কখনো হয়নি।
জরাজীর্ণ ভবন ও দুর্বল ভল্ট কক্ষ: কিশোরগঞ্জ শহরের ঈশা খাঁ সড়কের রথখলা এলাকায় পাকিস্তান আমলের পুরোনো একটি দোতলা ভবনে চালু করা হয় ব্যাংকের এই প্রধান শাখা। এই জেলায় বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নেই। এ কারণে সোনালী ব্যাংকের এই প্রধান শাখার মাধ্যমে ট্রেজারিসহ সব ধরনের সরকারি আর্থিক লেনদেন করা হতো। এ ছাড়া জেলার সোনালী ব্যাংকের অন্য শাখাগুলোর টাকাও জমা রাখা হয় এই প্রধান শাখায়।
এমন গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও জরাজীর্ণ ভবনের একতলার কর্নারে দুটি কক্ষে বসানো হয় এ ব্যাংকের স্ট্রং রুম (ভল্ট কক্ষ)। উল্টো দিকে সার্বক্ষণিক পাহারায় থাকা পুলিশ সদস্যদের জন্য বরাদ্দ কক্ষ। স্ট্রং রুমটির দেয়াল ২০ ইঞ্চি হলেও মেঝে সিসি ঢালাই ছিল না। একটি করে ইট বিছিয়ে কোনোরকমে সুরকির ঢালাই দিয়ে এটি করা। এতে মেঝেটি ভাঙার কাজ ছিল অত্যন্ত সহজ।
কিশোরগঞ্জের কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপকেরা জানান, একতলায় ব্যাংকের কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ রয়েছে। এটি লঙ্ঘন করে দীর্ঘদিনের পুরোনো ভবনে প্রধান শাখার কার্যক্রম চালানো নিয়ে প্রশ্ন আছে। স্ট্রং রুমটিও ছিল দুর্বল।
অরক্ষিত টাকা রাখা নিয়ে রহস্য: একাধিক সূত্রে জানা গেছে, স্ট্রং রুমে টাকা ভর্তি সাতটি স্টিলের আলমারি ছিল। ছিল একটি সিন্দুক, ছয়টি লকারের চাবি, একটি ট্রাঙ্ক ও দুটি কাঠের টেবিল। মোট ২৪৪ কোটি টাকা ছিল কক্ষটিতে। কিন্তু ট্রাঙ্কে টাকা না রেখে খোয়া টাকাগুলো টেবিলে রাখা হয়। অনেক বিষয়ের সঙ্গে এটিও রহস্যের জন্ম দিয়েছে।
ভল্ট কক্ষের আলমারি ও সিন্দুক ছাড়া টেবিলে টাকা রাখার নিয়ম আছে কি না, এমন প্রশ্নের জবাবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত বলেন, ‘নিয়ম নেই। পুরো বিষয় তদন্ত করে দেখবে তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পরিচিত মুখের সন্ধানে পুলিশ: নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গোয়েন্দা কর্মকর্তা বলেন, এ শাখার স্ট্রং রুমের যাবতীয় বিষয় নখদর্পণে ছিল এমন কেউ ঘটনার নেপথ্যে রয়েছেন। তা ছাড়া সাড়ে ১৬ কোটি টাকা ওই সুড়ঙ্গ দিয়ে বের করে নিয়ে যাওয়ার কাজটিও জটিল।
অপর একটি সূত্র জানায়, স্ট্রং রুমের কোনো আলমারি ও সিন্দুক না ভেঙে শুধু টেবিলে রাখা টাকা লুট করায় এর সঙ্গে ব্যাংকের লোকজন জড়িত বলে ধারণা করা হচ্ছে।
ব্যবস্থাপকসহ ১২ কর্মকর্তা-কর্মচারীকে থানা হেফাজতে নেওয়া হলেও তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক জানান, বিভিন্ন বিষয় মাথায় রেখেই তদন্ত কাজ চালানো হচ্ছে।
মামলা নিয়ে বিভ্রান্তি ও জটিলতা: চুরির ঘটনায় কিশোরগঞ্জ থানায় দায়েরকৃত মামলা দণ্ডবিধির ৩৮০/৪৬১ ধারায় করা হয়েছে। ৩৮০ ধারা চুরিসংক্রান্ত ও ৪৬১ ধারা জিম্মাদার হিসেবে বিশ্বাস ভঙ্গ করে কোনো জিনিস ভেঙে মালামাল নিয়ে যাওয়াসংক্রান্ত।
এসব ধারায় মামলা করায় কয়েকজন আইনজীবী বিস্ময় প্রকাশ করে বলেন, এত টাকা লুট হলো। এর চেয়ে বড় ডাকাতি কী হতে পারে। রাতে এ কাজটি করতে কমপক্ষে পাঁচজন লোকের প্রয়োজন হয়েছে। এ সময় কেউ বাধা দিলে নিশ্চয়ই তাঁকে খুন করা হতো। এটি সাধারণ কোনো চুরি নয়, দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। তাই সন্দেহভাজনদের গ্রেপ্তার করে অন্য ধারায় মামলা করা যুক্তিযুক্ত।