শাজনীনের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ২৩ এপ্রিল। ১৬ বছর আগে এই দিনে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় শাজনীন তাসনিম রহমান। ১৫ বছর বয়সী শাজনীন তখন স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।
দেড় দশকের আগের ওই ঘটনায় শাজনীনের পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয়। তবে এ জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা আদালতে উপযুক্ত শাস্তি পাবে, এখন এটাই তার পরিবারের প্রত্যাশা।
১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে নিজ বাড়িতে শাজনীন তাসনিম রহমানকে হত্যা করা হয়। এ ঘটনায় শাজনীনের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। চার বছর পর ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কাজী রহমতউল্লাহ শাজনীন ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার জন্য তাদের বাড়ির সংস্কারকাজের দায়িত্ব পালনকারী ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসানসহ ছয়জনকে ফাঁসির আদেশ দেন। বাকি পাঁচ আসামি হলেন গৃহভৃত্য শহীদুল ইসলাম শহীদ, হাসানের সহকারী বাদল, গৃহপরিচারিকা দুই বোন এস্তেমা খাতুন মিনু ও পারভীন এবং কাঠমিস্ত্রি শনিরাম মণ্ডল।
২০০৬ সালের ১০ জুলাই এক রায়ে হাইকোর্টের একটি মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ বেঞ্চ (ডেথ রেফারেন্স) নিম্ন আদালতে ফাঁসির আদেশ পাওয়া হাসান, শহীদ, বাদল, মিনু ও পারভীনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন। তবে একই দণ্ডপ্রাপ্ত শনিরামকে বেকসুর খালাস দেওয়া হয়।
এরপর দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি মইনুদ্দিন হাসান, বাদল, শহীদুল এবং গৃহপরিচারিকা মিনু ও পারভীনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়। যা এখন শুনানির অপেক্ষায় আছে।
প্রতিবছর এই দিনটিতে শাজনীনের পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। আজ বুধবার বাদ আসর (বিকেল ৫-৩০ মিনিট) শাজনীনের স্মরণে তার বাবা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের বাসভবনে [বাড়ি-এন, ই (জে) ৪, সড়ক-৮৩, গুলশান-২] মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য শাজনীনের বাবা লতিফুর রহমান ও মা শাহনাজ রহমানসহ পরিবারের অন্য সদস্যরা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানিয়েছেন।