শাজাহান খান ও মির্জা আব্বাসকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান খান ও মির্জা আব্বাস
শাজাহান খান ও মির্জা আব্বাস

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সাবেক গণপূর্তমন্ত্রী ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।

আজ সোমবার দুদকের উপপরিচালক যতন কুমার রায় তাঁদের তলব করে নোটিশ পাঠান। জিজ্ঞাসাবাদের জন্য ১২ অক্টোবর তাঁদের দুদকে হাজির হতে বলা হয়েছে। গত ৩ মার্চ শাহবাগ থানায় দায়ের করা মামলায় আলমগীর কবিরের বিরুদ্ধে অভিযোগ, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি নামে একটি সংগঠনকে নামমাত্র মূল্যে মিরপুরে ৭ একর জমি বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বাজারমূল্যের চেয়ে কম দামে ওই জমি বরাদ্দ দিয়ে রাষ্ট্রের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

জানা গেছে, ঝিলমিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে নকশা করা জমি বিনা কারণে বাতিল করে ঢাকা সাংবাদিক সমিতি লিমিটেডের অনুকূলে বরাদ্দ দেন আলমগীর কবির। ওই সময় ঝিলমিল বহুমুখী সমবায় সমিতির সভাপতি ছিলেন বর্তমান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ মামলায় তাঁকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে। মির্জা আব্বাস ওই সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী থাকায় মামলার বিষয়ে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
এ মামলায় আজ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান গোলাম নবীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।