শাজাহান খান ও মির্জা আব্বাসকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি মামলায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আলমগীর কবির বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে সরকারের জমি বরাদ্দ নিয়ে দুর্নীতির মামলাটি তদন্ত করছেন দুদকের উপপরিচালক যতন কুমার রায়। গতকাল সোমবার তিনি শাজাহান খান ও মির্জা আব্বাসকে তলব করে নোটিশ পাঠান। জিজ্ঞাসাবাদের জন্য ১২ অক্টোবর তাঁদের দুদকে হাজির হতে বলা হয়েছে। এ মামলায় গতকাল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান গোলাম নবীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
গত ৩ মার্চ শাহবাগ থানায় আলমগীর কবিরের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় তিনি ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি নামে একটি সংগঠনকে নামমাত্র দামে মিরপুরে সাত একর জমি বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বাজারমূল্যের চেয়ে কম দামে ওই জমি বরাদ্দ দিয়ে রাষ্ট্রের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করেন।
ঝিলমিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামের বরাদ্দ জমি বাতিল করে ঢাকা সাংবাদিক সমিতি লিমিটেডের অনুকূলে তা দেন আলমগীর কবির। ওই সময় ঝিলমিল বহুমুখী সমবায় সমিতির সভাপতি ছিলেন বর্তমান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।