শাজাহান খানের নগদ অর্থ নেই ব্যবসা করেও আয় কম এনামুলের

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নগদ কোনো অর্থ নেই। মন্ত্রীর পারিতোষিক বাদ দিলে স্ত্রী ও ছেলের আয়ও নগণ্য।
আর আবাসন, হিমাগার ও কৃষি উপকরণ সরবরাহের ব্যবসা করেও মাসে প্রায় সাড়ে চার লাখ টাকা আয় করেন রাজশাহীর সাংসদ এনামুল হক।
বর্তমান সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ঠিকাদারি, রাজশাহী সিটি করপোরেশনের বহুতল বাণিজ্যিক ভবন এবং ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আবসান প্রকল্পেও কাজ পেয়েছেন তিনি। এসব ব্যবসার পরও তাঁর দৃশ্যমান আয় নগণ্যই। এবারের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে ওই দুই সাংসদের জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে শাজাহান খান মাদারীপুর-২ এবং এনামুল হক রাজশাহী-৪ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সার্বিক ও কনক পরিবহন নামে দুটি বাস কোম্পানি আছে শাজাহান খানের পরিবারের। পরিবহন খাতের লোকজনের দাবি, এই দুটি কোম্পানি শাজাহান খানেরই। শাজাহান খান একাধিকবার বলেছেন, এটা তাঁদের পারিবারিক ব্যবসা। এ ছাড়া মাদারীপুরে ভাইদের নামে ইটভাটার ব্যবসাও আছে। অভিযোগ রয়েছে, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে পরিবহন খাতের চাঁদা তাঁর নিয়ন্ত্রণে।
বর্তমানে শাজাহান খানের বার্ষিক আয় ১৭ লাখ টাকা। মন্ত্রীর পারিতোষিক হিসেবে এই অর্থ পেয়ে থাকেন।
২০০৮ সালে ব্যবসা ও বাড়িভাড়া বাবদ তিনি সাকুল্যে ছয় লাখ ৮৫ হাজার টাকা আয় করতেন।
অবশ্য বর্তমানে শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের চাকরি ও ব্যবসায় আয় বেড়েছে। বেড়েছে ছেলের আয়ও। চাকরি ও ব্যবসা থেকে রোকেয়া বেগমের আয় বছরে সাড়ে পাঁচ লাখ টাকা। ছেলের আয় বছরে তিন লাখ ৭০ হাজার টাকা। ২০০৮ সালে স্ত্রী চাকরি বাবদ মাসে পাঁচ হাজার ২০০ টাকা আয় করতেন। ছেলের কোনো আয় ছিল না।
নির্বাচনী হলফনামায় পেশা হিসেবে রাজনীতির পাশাপাশি সাধারণ ব্যবসায় হিসেবে দেখিয়েছেন তিনি। তবে তাঁর নিজের ব্যবসায় কোনো আয় নেই। শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত হিসেবে মাত্র ২২ হাজার ১২৯ টাকা জমা আছে তাঁর। ২০০৮ সালে শাজাহান খানের নামে দুটি এবং স্ত্রীর একটি বাস থাকার কথা হলফনামায় ছিল। এবার বাস থাকার কথা নেই।
এবারের হলফনামা অনুযায়ী, এনামুল হকের বার্ষিক আয় ৫০ লাখ টাকা। গতবার তাঁর স্ত্রীর আয় ছিল বছরে সাড়ে সাত লাখ টাকা। স্বামী-স্ত্রী মিলে সাড়ে ২৭ লাখ টাকা আয় করতেন। পাঁচ বছরে আয় দ্বিগুণ হলেও তা কোটির ঘর ছাড়াতে পারেনি। নিজের কাছে ১০ লাখ এবং স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা নগদ রয়েছে।
এবার পুঁজিবাজারে এনামুল হকের চার কোটি ৮৬ লাখ এবং স্ত্রীর আট কোটি দুই লাখ টাকা বিনিয়োগ আছে। স্থায়ী আমানত ২৩ লাখ ৬৬ হাজার টাকা। মোটরগাড়ি ৭৯ লাখ এবং অন্যান্য সম্পদের পরিমাণ ১৮ লাখ টাকা।
গতবার তাঁর সব অস্থাবর সম্পদের আর্থিক মূল্য ছিল ১২ কোটি ৮৩ লাখ টাকার সমপরিমাণ।