শাজাহানপুর থানার সেই ওসিকে বরিশালে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলমকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে গতকাল সোমবার তাঁকে বগুড়া থেকে বরিশাল রেঞ্জে পাঠানো হয়। বগুড়া জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘পুলিশ সদর দপ্তর থেকে সোমবার আমরা ওসি মাহমুদুলের বিষয়ে আদেশ পেয়েছি। এর পরই তাঁকে প্রত্যাহার করা হয়েছে। ঝালকাঠি সদর থানার ওসি আবদুল মান্নানকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে। তিনি গতকালই দায়িত্ব বুঝে নিয়েছেন।’ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর ‘চাঁদে সাঈদীকে দেখা গেছে’—এমন গুজব ছড়িয়ে গত ৩ মার্চ শাজাহানপুর থানা, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।
আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার মামলার প্রধান আসামি জামায়াত নেতা শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলীর কাছ থেকে পাঁচ শতক জমি নেন ওসি। অভিযোগ উঠেছে, কখনো গ্রেপ্তার করা হবে না এবং অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে, এমন সমঝোতার ভিত্তিতে ইয়াছিন আলীর কাছ থেকে ওই জমি ‘ঘুষ’ হিসেবে নেন ওসি মাহমুদুল আলম। জমির দলিল করা হয় ওসির দুই ভাই মাহবুবুর রহমান ও শাহিন রেজার নামে। এ নিয়ে ২৩ ডিসেম্বর প্রথম আলোয় ‘ছি ছি, ওসি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই রাজশাহী পুলিশের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে একটি এবং বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আরেকটি তদন্ত কমিটি করা হয়। এ ছাড়া বগুড়া থেকে তাঁকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ২৩ ডিসেম্বর ঢাকায় পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়। ইতিমধ্যে দুটি তদন্ত কমিটিই ওসির বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। রাজশাহীর ডিআইজি মীর শহিদুল ইসলাম জানান, ওসির বিরুদ্ধে তদন্তে পাওয়া তথ্য-সংবলিত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। বগুড়া জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, ‘ওসির বিরুদ্ধে একজন আসামির কাছ থেকে জমি নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। আইন অনুযায়ী তিনি সেটা পারেন না। এ ছাড়া আসামি গ্রেপ্তারে ওসির বিরুদ্ধে শৈথিল্যের অভিযোগেরও প্রমাণ পাওয়া গেছে।’ পুলিশ সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইয়াছিন আলী ও তাঁর বড় ছেলে রবিউল হাসানসহ ৩১ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগপত্র দিয়েছে পুলিশ। চেয়ারম্যানের ছোট ছেলে সুমন মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের মামলায়ও শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে।