শাজাহানপুর, শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম তাজনুর রহমান (১৪)। এদিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন ভোলা প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধ। গতকাল বৃহস্পতিবার এ দুটি দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুরে নিহত কিশোর তাজনুর উপজেলার খরনা কুলুপাড়ার দিনমজুর আবদুস সোবহানের ছেলে। সে মাঝিড়া বন্দরের একটি আসবাবপত্রের দোকানের কর্মচারী ছিল। পুলিশ ট্রাকসহ সেটির চালক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাজনুর বেলা দেড়টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী ট্রাকটি পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

শাজাহানপুর থানার (ওসি) আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শেরপুরে বাসের চাপায় নিহত ভোলা প্রামাণিকের বাড়ি উপজেলার বোংগা গ্রামে। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার দশমাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী তিন ব্যক্তি বলেন, গতকাল বেলা দেড়টার দিকে ওই বৃদ্ধ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী আর বি পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।