শাজাহানপুরে জেল-জরিমানার পরও বন্ধ হচ্ছে না বাল্যবিবাহ
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর, বর-কনের অভিভাবক ও কাজি-মৌলভির জেল-জরিমানা করা হচ্ছে। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাল্যবিবাহ চলছেই। বিয়ের আয়োজন বন্ধ করে দিলেও অভিভাবকেরা গোপনে সন্তানদের বিয়ে দিচ্ছেন। ভুয়া সনদের মাধ্যমে কম বয়সী মেয়েদের প্রাপ্তবয়স্ক দেখানো হচ্ছে। উপজেলা প্রশাসনের ভাষ্যমতে, প্রতি মাসে এখানে ৩০-৩৫টি বাল্যবিবাহের ঘটনা ঘটছে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত উপজেলায় বাল্যবিবাহ বন্ধে ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় একজন বর, দুজন নিকাহ রেজিস্ট্রার, দুজন মৌলভি, আটজন অভিভাবকসহ ৩০ জনকে জেল-জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৭ জনের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১১ জন কিশোরীর বিয়ে বন্ধ করে দেওয়া হয়। গত বৃহস্পতিবারও জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের ঘটনায় বরকে ১৫ দিনের ও কনের ভাইকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও মোহাম্মদ শাফিউল ইসলাম বলেন, ‘বাল্যবিবাহের খবর পেলেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছি। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়া হচ্ছে। এত কিছুর পরেও বাল্যবিবাহ পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। অভিযান চালিয়ে বিয়ে ভন্ডুল করে দেওয়ার পরও গোপনে অন্যত্র নিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। আবার বাল্যবিবাহের অনেক খবরই প্রশাসন পর্যন্ত পৌঁছাচ্ছে না। অনেক সময় দেরিতে খবর পাওয়ায় বিয়ে আটকানো যাচ্ছে না।’
শাজাহানপুর উপজেলার বাল্যবিবাহের ভয়াবহ চিত্র উঠে এসেছে ‘সেফ দ্য চাইল্ড নেটওয়ার্ক’ নামের বেসরকারি একটি সংস্থার জরিপে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী ঝরে পড়ার হার, বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটি এই জরিপ করেছে। সংস্থাটির হিসাবে উপজেলার নয়টি ইউনিয়নে প্রতি মাসে গড়ে ৩০-৩৫ জন কিশোরীর বাল্যবিবাহ হচ্ছে। বছরে বাল্যবিবাহের শিকার হচ্ছে চার শতাধিক কিশোরী। তাদের মতে, প্রশাসনের অভিযানে কিছু বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হলেও ফলোআপ না থাকায় কয়েক দিন পর আবার সেই বিবাহ সম্পন্ন হচ্ছে। আর জাল সনদ দিয়ে বাল্যবিবাহে প্রত্যক্ষ সহযোগিতা করছেন এলাকার কিছু জনপ্রতিনিধিরাও।
গত শুক্রবার উপজেলার মাদলা ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও সেখানে পুলিশ নিয়ে হাজির হন। অভিভাবকেরা ছাত্রীটির বয়সের জন্য ২৫ সেপ্টেম্বরের আদালতের একটি অ্যাফিডেভিট দেখান। জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে ওই অ্যাফিডেভিট করায় উভয় পক্ষের অভিভাবককে কারাদণ্ড দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, মাদলা ইউনিয়নে বাল্যবিবাহের ঘটনা বেশি ঘটছে। কিন্তু সেখানকার জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন না।
মাদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘দরিদ্র অভিভাবকেরা মনে করছেন, দেরিতে মেয়েকে বিয়ে দিলে ভালো ঘর-বর মিলবে না। প্রশাসনকে সহযোগিতা করছি না এমন অভিযোগ সঠিক নয়। আমি দায়িত্ব নেওয়ার পর বাল্যবিবাহ অনেক কমে এসেছে।’
খোট্রাপাড়া ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক বলেন, জাল সনদের কারবার বন্ধ করেছি। বাল্যবিবাহ-বিরোধী প্রচারণা চালাচ্ছি। কোথাও বাল্যবিবাহের খবর পেলেই প্রশাসনকে খবর দিচ্ছি। কিন্তু তারপরও এই সামাজিক ব্যাধিটি পুরোপুরি সারানো যাচ্ছে না।’
ইউএনও মোহাম্মদ শাফিউল ইসলাম বলেন, বাল্যবিবাহ-বিরোধী প্রচারণার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোরী ক্লাব গঠন করা হচ্ছে। এ ছাড়া বাল্যবিবাহে সহযোগিতায় জড়িত নিকাহ রেজিস্ট্রার, মৌলভির তালিকা তৈরিসহ নানামুখী কার্যক্রম চলছে।