শাজাহানপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুরে যুবলীগের নেতা মজনু মিয়া ও তাঁর ভাতিজা নাহিদ হাসান হত্যা মামলায় জালাল আহমেদ ওরফে ঝন্টুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে চারটি গুলিসহ বিদেশি পিস্তল এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, গত বৃহস্পতিবার শহরের লতিফপুর কলোনি এলাকা থেকে পিয়াস ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে হত্যা মামলার আসামি জালাল আহমেদ ও তাঁর স্ত্রী তানিশা খাতুনকে গ্রেপ্তার করা হয়। পরে জালালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে নিয়ে শাজাহানপুর উপজেলার বেজোড়া জামতলা এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। এ সময় জালাল পুলিশকে ধাক্কা দিয়ে পালাতে চাইলে পুলিশ গুলি চালায়। এতে তিনি বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় ওই এলাকা থেকে দুটি চাপাতি, চাকু, চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। জালালকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৬ মে শাজাহানপুরের গন্ডগ্রাম এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফর সিদ্দিকের বাড়িতে জেলা যুবলীগের সদস্য মজনু মিয়া ও তাঁর ভাতিজা নাহিদ হাসানকে কুপিয়ে হত্যা করা হয়।