শাজাহানপুরের ইউএনওকে অবশেষে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানকে অবশেষে বদলি করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি নিয়োগে ঘুষবাণিজ্যের অভিযোগে চেয়ারম্যানদের আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার তাঁকে বদলি করা হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হেলাল উদ্দিন গতকাল মুঠোফোনে আবদুর রহমানের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনও মো. আবদুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা হয়েছে। এরপর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় তাঁকে শাজাহানপুর থেকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বদলির আদেশ দেন। ফ্যাক্সযোগে পাঠানো এ বদলির আদেশ গত বৃহস্পতিবার বগুড়ায় পৌঁছায়।
এলাকার অনেকে জানান, ইউএনওর বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি নিয়োগে কোটি টাকার ঘুষবাণিজ্যের অভিযোগ ওঠে। এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আটজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউএনওর অপসারণের দাবিতে আন্দোলন করছিলেন। প্রথম দিকে ইউএনওবিরোধী এ আন্দোলনে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সমর্থন জানিয়ে নিয়োগ বাতিলের দাবিতে মিছিল-সমাবেশ করেন। পরে তাঁরা অবস্থান পাল্টে ইউএনওর পক্ষে মিছিল সমাবেশ করেন। তবে আন্দোলনরত চেয়ারম্যানরা সমন্বয় কমিটির সভাসহ উপজেলা পরিষদের সব কর্মকাণ্ড বর্জন অব্যাহত রাখেন। তাঁরা ৭ জুলাই ইউএনওর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিভাগীয় কমিশনারের নির্দেশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহম্মদ মুনির হোসেন সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই তাঁকে বদলি করা হয়।
জানতে চাইলে ইউএনও আবদুর রহমান গতকাল বিকেলে বলেন, তিনি এখন পর্যন্ত বদলির কোনো আদেশ হাতে পাননি।