প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনের ইঞ্জিন গতকাল শনিবার বিকেলে লাইনচ্যুত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও নগরের মধ্যে শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ে সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম সেনানিবাস রেলস্টেশন ও ষোলশহর রেলস্টেশনের মধ্যবর্তী জালালাবাদ এলাকায় ইঞ্জিন লাইনচ্যুত হয়। মাঝপথে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় শিক্ষার্থীরা দুই প্রান্তে ক্যাম্পাস ও নগরের স্টেশনে আটকা পড়েন। চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশনের ব্যবস্থাপক এস এম ফখরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে চারটার শাটল ট্রেন নগরে আসার পথে সেনানিবাস রেলস্টেশন ও ষোলশহর রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়।