শাটল ট্রেনের চালক ও সহকারীকে মারধর কয়েকজন ছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র গত বৃহস্পতিবার রাতে শাটল ট্রেনের চালক ও সহকারীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে চালকেরা শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রাখেন। বিকেলে রেলওয়ে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক শেষে আবার ট্রেন চলাচল চালু হয়।আহত ব্যক্তিরা হলেন চালক মো. ইদ্রিস মিয়া ও তাঁর সহকারী মো. কামরুজ্জামান। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার ট্রেনটি বটতলী স্টেশন থেকে নির্ধারিত সময়ের ২০ মিনিট বিলম্বে ছাড়তে রাজি না হওয়ায় কয়েকজন ছাত্র বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে রাত পৌনে ১০টার দিকে তাঁদের মারধর করেন। তাঁরা রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে পৌঁছায় পৌনে ১০টার দিকে। এ সময় কিছু ছাত্র অতর্কিত শাটল ট্রেনের চালকের কক্ষে ঢুকে চালক ও তাঁর সহকারীকে বেদম মারধর করেন। এতে তাঁরা মাথা ও চোখে আঘাত পান। ট্রেনচালক ইদ্রিস মিয়া অভিযোগ করেন, বটতলী স্টেশন থেকে ট্রেন ছাড়ার মুহূর্তে প্রথমে ১০ মিনিট ও পরে আরও ১০ মিনিট বিলম্ব করার আবদার করেন কয়েকজন ছাত্র। শেষ অনুরোধ রাখতে না পারায় তাঁদের বিশ্ববিদ্যালয় স্টেশনে যাওয়ার পর ওই ছাত্ররা মারধর করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, চালক ও তাঁর সহকারীকে মারধরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। বিকেল থেকে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করছে।