শাটল ট্রেনের চালক ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চালক ইউসুফ ফিরে এসেছেন। আজ বুধবার সকাল আটটা থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ফিরে আসেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ তাঁকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরের ষোলো শহর স্টেশন থেকে আজ সকাল সাতটা ৫০ মিনিটে শাটল ট্রেনটির ক্যাম্পাসের উদ্দেশে যাওয়ার কথা ছিল। সকাল সাড়ে সাতটার দিকে ট্রেনের চালককে নিয়ে যাওয়া হয়। এতে ট্রেন চলাচল বন্ধ থাকে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নাসির হায়দারের সমর্থকেরা শাটল ট্রেনের চালককে উঠিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৫ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে ছাত্রলীগের একাংশের হাতে লাঞ্ছিত হন নাসির। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে দেন। ওই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে আন্দোলন করেছেন ছাত্রলীগের নাসিরের সমর্থকেরা। তাঁরা প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিলেন। গতকাল সেই আলটিমেটাম শেষ হয়।
হামলাকারীদের বিচারের দাবিতে ছাত্রলীগের নাসিরের সমর্থকেরা আজ সকালে নগরের পাঁচটি স্থান থেকে ক্যাম্পাসগামী বাস আটকে দেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা বাসের চাকা নষ্ট করে দিয়েছেন বলে জানা গেছে।
নাসিরের সমর্থক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অমিত কুমার বসুর দাবি, শাটল ট্রেনের চালককে অপহরণ বা তুলে নিয়ে যাননি তাঁরা। তাঁকে নাশতা করাতে একটি রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলেন।