শাটল ট্রেনের ধাক্কায় ছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাটল ট্রেনের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে নয়টার দিকে নগরের ষোলোশহর রেলওয়ে স্টেশনে রেললাইন পার হতে গেলে দুর্ঘটনার শিকার হন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আহত শিক্ষার্থীর নাম ফারিয়া তুজ জান্নাত। তিনি ফলিত পদার্থবিদ্যা ইলেকট্রনিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর প্রথম সেমিস্টারের পরীক্ষা চলছিল। পরীক্ষায় অংশ নিতেই তিনি গতকাল ক্যাম্পাসে যাচ্ছিলেন।
তবে তিনি আহত হওয়ার পরপরই গতকালকের পূর্বনির্ধারিত পরীক্ষাটি স্থগিত করেছে বিভাগ কর্তৃপক্ষ।
ষোলোশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী প্রথম আলোকে জানান, ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থী আহত হওয়ার খবর তিনি শুনেছেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ট্রেন আসার সময় মুঠোফোনে কথা বলতে বলতে ভুলবশত রেললাইনের একদম কাছে চলে এসেছিল ফারিয়া। এতে ট্রেনের ধাক্কায় সে মাথায় আঘাত পায়। তবে ট্রেন আস্তে চলায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। সে সুস্থ রয়েছে।’
ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি জামাল উদ্দিন আহ্মেদ বলেন, ‘শাটল ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থী আহত হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গেই গতকালের পূর্বনির্ধারিত প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়।’