শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনের তৎপরতা বন্ধের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগরের মধ্যে চলাচলকারী শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনের কার্যক্রম বন্ধের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বগির দেয়ালে থাকা বিভিন্ন সংগঠনের নাম মুছে দেওয়া হচ্ছে। সেখানে লেখা হচ্ছে বগিভিত্তিক দলবাজি নিরুৎসাহিত করার স্লোগান।বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বগিভিত্তিক সংগঠনগুলো রাজনৈতিক ছাত্রসংগঠন-সমর্থিত। এবারের ছুটির মধ্যে শাটল ট্রেনের বগি রং করা হবে। কোনো বগির নিজস্ব নাম আর রাখতে দেওয়া হবে না। ইতিমধ্যে রং লাগিয়ে বগির ভেতর-বাইরের লেখা মুছে ফেলার কাজ শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একই সঙ্গে বগিভিত্তিক রাজনীতিতে নেতৃত্বদানকারীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ও একাডেমিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হবে। কেউ আবার বগিভিত্তিক রাজনীতি শুরু করতে চাইলে প্রশাসন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনৈতিক দলগুলোর কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এ জন্য দলগুলোর কার্যক্রম বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রসঙ্গত, গত আড়াই বছরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও রেলস্টেশনে অন্তত ২৫টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষের ঘটনা ঘটে ছাত্রলীগ-সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন সংগঠনের অন্তঃকোন্দলের কারণে। এসব ঘটনায় আহত হন ৬০ জন।