শাটল ট্রেনের সূচি পরিবর্তনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাটল ট্রেনের সূচি পরিবর্তন, বগি বাড়ানোসহ আট দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে প্রায় ৫০০ শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এ মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমাম বিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, এমনিতেই ক্যাম্পাস থেকে শহরে যাতায়াতে যানবাহন-সংকট রয়েছে। তার ওপর গত ১ জানুয়ারি থেকে বেলা দেড়টার শাটল ট্রেন বন্ধ করে দেওয়ায় খুব সমস্যা হচ্ছে।
লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারিয়া উলফাত্ সৈয়দ বলেন, আড়াইটার ট্রেনে শহরে গিয়ে পৌঁছাতে চারটা বেজে যায়। দেড়টার ট্রেন বন্ধ হওয়ায় এবং বগির সংখ্যা কম হওয়ায় একসঙ্গে এত শিক্ষার্থী আড়াইটার ট্রেনে শহরে যেতে পারে না।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীকে তাঁদের দাবিগুলো জানায়। প্রক্টর এসব দাবি বিবেচনা করার আশ্বাস দেন।
ট্রেনের সময়সূচি পরিবর্তন ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর করায় কর্মদিবসগুলোর অফিস সময় বেড়েছে। বেশির ভাগ বিভাগে বেলা সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস থাকে। এসব বিবেচনায় ট্রেনের সূচি পরিবর্তন করা হয়েছিল। তবে সাধারণ শিক্ষার্থীরা যে দাবিগুলো জানিয়েছেন, সেগুলোও যৌক্তিক। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।