শাড়ি-লুঙ্গি বিতরণে পুলিশের সহযোগিতা নেওয়ার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণে যেকোনো দুর্ঘটনা এড়াতে প্রয়োজনে স্থানীয় পুলিশের সহযোগিতা নিতে জাকাত প্রদানকারীর প্রতি অনুরোধ জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ। শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। খবর বাসসের।
গতকাল শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণের সময় প্রায়ই দুর্ঘটনায় মানুষ হতাহতের ঘটনা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় পুলিশের সহযোগিতা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রশাসনকেও এ ধরনের বিতরণ কাজে সহযোগিতা করার জন্য মন্ত্রণালয়ের পক্ষÿ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ময়মনসিংহে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় নিহত লোকজনের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহত লোকজনের দ্রুত আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)।