শাণিত যুক্তিই হতে হবে বিতার্কিকদের শক্তি
যুক্তি মেধা বাড়ায়। তর্ক বাড়ায় ঝগড়া। তাই তর্কে না গিয়ে যুক্তি প্রতিষ্ঠা করতে পারলেই সাফল্য আসবে। শাণিত যুক্তিই হতে হবে বিতার্কিকদের শক্তি। প্রথম আলোর সহযোগিতায় রাজধানীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া বিতর্ক উৎসবে অংশ নেওয়া বিতার্কিকেরা এমনটিই মনে করছেন।গতকাল বিকেলে সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উদ্বোধন করা হয় প্রথম আলো-জেডিসি ডিবেট ফেস্টিভ্যাল। কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। উৎসবের এবারের প্রতিপাদ্য ‘যুক্তি নিয়ে যাবে সাফল্যের চূড়ায়’।আন্তকলেজ, আন্তক্লাব, মিশ্র, বারোয়ারি এবং আন্তস্কুল (বাংলা ও ইংরেজি মাধ্যম)—এই ছয়টি বিভাগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ১০ জুলাই পর্যন্ত।অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুল হক বলেন, বিতর্কের মাধ্যমে মানুষের চিন্তার বিকাশ ঘটে। প্রতিযোগিতার মধ্য দিয়ে সহযোগিতা ও নিজেকে বিকশিত করার শিক্ষা দেয় বিতর্ক।কলেজের উপাধ্যক্ষ নিপু হিউবার্ট রোজারিও বলেন, লেখাপড়ার পাশাপাশি বিতর্কেরও প্রয়োজন আছে। যুক্তি, তর্কের মাধ্যমে শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তন আসে।জোসেফাইট ডিবেটিং ক্লাবের (জেডিসি) প্রধান মডারেটর জিনাত হোসেন, ক্লাবের সভাপতি সাজিদ হাসান ও সাধারণ সম্পাদক শাইয়ান সাদিক ইশতি বক্তব্য দেন।বিতর্ক উৎসবে বাংলা মাধ্যমে ২৮টি বিদ্যালয়, ১৬টি কলেজ, ১৮টি ক্লাব ও ইংরেজি মাধ্যমের ৩২টি বিদ্যালয় অংশ নিচ্ছে। সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ১৬টি দলও এতে অংশ নিচ্ছে।রেসিডেনসিয়াল মডেল কলেজে প্রথম আলো-আরডিএস বিতর্ক: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রথম আলো-আরডিএস দ্বিতীয় জাতীয় বিতর্ক উৎসব। রেসিডেনসিয়াল ডিবেটিং ক্লাব (আরডিসি) আয়োজিত এই উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো।উৎসবে শিশু পর্যায়ে সারা দেশ থেকে ৩০টি, স্কুল পর্যায়ে ৩২টি ও কলেজ পর্যায়ে ২০টি দল অংশ নিচ্ছে। গতকাল শিশু বিতর্কের প্রথম পর্বে ‘গ্রাম নয়, শহরই দেশের মূল চালিকাশক্তি’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে কলেজ ও স্কুল পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে। এই উৎসবের গণমাধ্যম-সহযোগী এবিসি রেডিও ও চ্যানেল আই। অনলাইন সহযোগিতায় www.prothom-alo.com। এ ছাড়া সহযোগিতায় ছিল ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও উদ্ভাস। প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ মাহফুজা মণ্ডল। কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু, কলেজের দিবা শাখার উপাধ্যক্ষ ও বিতর্ক উৎসবের আহ্বায়ক ফেরদৌস আরা বেগম ও আরডিসির মডারেটর সাবেরা সুলতানা।