শান্ত-প্রান্তর বাবা থেকেও নেই। মাস তিনেক আগে বাবা ইব্রাহিম আরেকটি বিয়ে করে চলে গেছেন তাদের ছেড়ে। নাড়িছেঁড়া ধন ফেলতে পারেননি মা আমিনুর বেগম। তিনিই আগলে রেখেছিলেন তাদের। সংসারের দায় কাঁধে নিয়ে চাকরিতে ঢুকে ছিলেন লিলি কেমিক্যালে। মেয়ে শান্তমণি (১৩) আর ছেলে প্রান্তকে (১০) নিয়ে কোনো রকমে চলছিল সংসার। কিন্তু ছেলেমেয়ে দুটির ভাগ্যলিখন ছিল আরও মর্মন্তুদ। কারখানার আগুন কেড়ে নিয়ে গেল শেষ আশ্রয় তাদের মাকেও। অগ্নিদহনের যন্ত্রণায় ৪১ ঘণ্টা কাতরিয়ে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মারা যান আমিনুর বেগম।হাসপাতালের বিছানায় শুয়ে কখনো বাবা, কখনো বোন আলো, কখনো বা ছেলেমেয়েদের নাম ধরে ডেকে গেছেন তিনি। শেষ রক্ষা হয়নি, ধরে রাখা যায়নি তাঁকে। আমিনুর বেগমের সঙ্গেই কাজ করতেন তাঁর বোনের মেয়ে শারমিন আক্তার সখি। সখির কোনো খোঁজ এখনো পাননি তার মা-বাবা।গতকাল কথা হয় আমিনুর বেগমের ছোট বোন সেলিনা রহমানের সঙ্গে। এক বোনের মৃত্যু, আরেক বোনের মেয়ে নিখোঁজ। এই আকস্মিক দুর্যোগে পরিবারটি মুষড়ে পড়েছে।সেলিনা জানান, পরিবারের সিদ্ধান্তেই ক্ষুদ্র ব্যবসায়ী ইব্রাহিমের সঙ্গে আমিনুরের বিয়ে হয়েছিল। ইব্রাহিমের আয়েই চলত সংসার। মেয়ে শান্তমণি ষষ্ঠ শ্রেণীতে আর ছেলে প্রান্ত চতুর্থ শ্রেণীতে পড়ে। হঠাৎ করে এ বছরের জুন-জুলাই মাসের দিকে ইব্রাহিম আরেকটি বিয়ে করে কামরাঙ্গীর চরে আলাদা সংসার পেতেছেন। আমিনুর ও দুই বাচ্চার সঙ্গে আর কোনো যোগাযোগই রাখেননি তিনি। এরপরই সংসারের দায় এসে পড়ে আমিনুরের কাঁধে।রাসায়নিক কারখানায় মাসে ২০০০ টাকা বেতনে চাকরি নেন আমিনুর। বাবা ও অন্যান্য ভাইবোনদের সাহায্যে কোনো রকমে চলছিল আমিনুরের সংসার। দনিয়ার ভাড়া বাসায় থেকে ছেলেমেয়ে দুটির লেখাপড়া চালিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন তিনি।স্বজনেরা জানান, এ রকম অভাবে পড়েও ছেলেমেয়ে দুটির লেখাপড়ার ক্ষতি হতে দেননি আমিনুর। বরং আত্মীয়দের কেউ ছেলেমেয়েদের কোনো কাজে লাগাতে বললে রাগ করেছেন তিনি। এখন শান্তমণি আর প্রান্ত একেবারেই আশ্রয়হীন। তাদের আশ্রয় দিয়ে লেখাপড়া শেখানোর মতো আর্থিক সংগতিও নেই তাদের কোনো আত্মীয়স্বজনের।গতকাল আমিনুরের দনিয়ার বাসায় গিয়ে দেখা গেছে, বাড়িতে কান্নার রোল। সারা দিনই কাঁদছিল আকাশ। প্রকৃতির সঙ্গে মিলেমিশে গেছে আমিনুরের বোন আর তাঁর ছেলেমেয়ের অশ্রুধারা।পরিবারের সদস্যরা জানান, আমিনুর আগুনে পোড়ার পর তাঁর স্বামী ইব্রাহিম ও শাশুড়িকে কয়েকদফা ফোন করা হয়েছে। তাঁরা কোনো সাড়া দেননি, একবার দেখতেও আসেননি। আমিনুরের বাবা ইসমাইল নির্বাক। এক মেয়ে মারা গেছেন। আর নাতনি সখির তো কোনো খোঁজই পাওয়া যায়নি।সখির মা আমিনুরের বড় বোন শাহীনা আক্তারও দুর্ঘটনার পর থেকে তিন দিন ধরে নীরবে অশ্রুপাত করছেন। ছোট বোন মারা গেছেন, আর মেয়ের তো কোনো খোঁজই নেই। আমিনুরের ছেলেমেয়েরা তাঁর (শাহীনা) কাছেই বেশি আদর-সোহাগ পেত। এখন তিনি নিজের মেয়ের খোঁজেই পাগলপ্রায়। শান্ত-প্রান্তর জীবন থেকে শান্তির ছায়া হারিয়ে গেছে চিরতরে।