শান্ত ভোরে আতঙ্কের ঘোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে আহত একজন। ছবি: সাইফুল ইসলাম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে আহত একজন। ছবি: সাইফুল ইসলাম

আজকের শীতের ভোরটা ছিল শান্ত। নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল সারা দেশের বেশির ভাগ মানুষ। কারও কারও দিন শুরু হয়েছিল সবে। হঠাৎ করে একটা ঝাঁকুনি কম্পনের রেশ তুলে গেল। সে কাঁপন লাগল গিয়ে বুকে। ভূমিকম্প! কাকডাকা ভোর নিমেষে ছেয়ে গেল আতঙ্কের ঘোরে।
ইট-পাথরের রাজধানীর মানুষের মধ্যে আতঙ্কটা একটু বেশিই ছিল। এই শহরের ভবনগুলোর অবস্থা কম-বেশি সবারই জানা। ভূমিকম্প ধ্বংসাত্মক হলে শহরের পরিস্থিতি কী হবে, তা অনুমান করে অনেকের শরীরে কাঁটা দেয়! নগরবাসী ভূমিকম্প টের পেয়েই ধড়মড়িয়ে উঠে পড়েন। যে যেভাবে পেরেছেন, ভবন থেকে বাইরে চলে এসেছেন।
ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে ভবন থেকে বের হতে গিয়ে ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটে তিনজন মারা গেছেন। ঢাকায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, ভূমিকম্প টের পাওয়া মাত্র তাঁরা হলের ভবন থেকে হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসেন। এ সময় অনেকে আহত হয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে এখনো ভীতি কাজ করছে।
বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা ভূমিকম্পের পর থেকেই তাঁদের অভিজ্ঞতার কথা স্ট্যাটাসে লিখে জানাচ্ছেন। তাঁদের স্ট্যাটাসে ভীতিকর পরিস্থিতির কথা উঠে আসছে।
ঢাকার বাইরে থেকেও ভূমিকম্প ও পরবর্তী সময়ের বিবরণ আসছে।
দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন, ভূমিকম্পে কাঁচা-পাকা বা আধাপাকা ঘরবাড়ি নড়ে ওঠে। মানুষজন জেগে ওঠে। তারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ির বাইরে চলে আসে।

উদ্বিগ্ন মানুষজনকে মুঠোফোনে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী এবং পরিচিত জনদের খোঁজখবর নিতে দেখা গেছে।

ভূমিকম্পের সময় অনেকে আল্লাহকে ডাকেন। দোয়া-দরুদ পড়ে তাঁরা আল্লাহর রহমত কামনা করেন।

চাঁদপুর শহরের মমিনপাড়ার বাসিন্দা আফরোজা খাতুন বলেন, ভূমিকম্পের ঝাঁকুনিতে পশুপাখিগুলো পর্যন্ত চিৎকার করছিল।

দেশের অন্য স্থান থেকেও একই রকম খবর পাওয়া গেছে।

চাঁদপুর শহরের ট্রাকরোডের বাসিন্দা মাসুদ আলম বলেন, ভূমিকম্পের সময় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতর বিকট শব্দ হয়। এরপর বিদ্যুৎ চলে যায়।

অনেক জায়গায় পুকুর, খাল-বিল ও নদীর পানিতে ব্যাপক আলোড়ন দেখা যায়।

সাতক্ষীরার মুন্সিগঞ্জ গ্রামের অভিজিৎ মণ্ডল বলেন, ভূমিকম্প শুরু হলে পুকুর ও নদীতে বড় বড় ঢেউ খেলে যায়।