শান্ত হলেও সীমান্তে থমথমে পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-মিয়ানমার পরিস্থিতি
বাংলাদেশ-মিয়ানমার পরিস্থিতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণ ও এক বিজিবি সদস্য হত্যার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থলসীমান্তে অতিরিক্ত সেনাসমাবেশের পাশাপাশি এবার জলসীমায় টহল দিচ্ছে নৌবাহিনীর টহল জাহাজ। দুই নিকট প্রতিবেশীর সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে গত শনিবার থেকে বন্ধ রয়েছে সীমান্ত বাণিজ্য।
এদিকে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা ইতিমধ্যে প্রশমিত হয়ে এসেছে। মিয়ানমারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই সম্পর্ক জোরদারের ব্যাপারে আমরা আশাবাদী। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, মিয়ানমারের সঙ্গে ‘ভুল-বোঝাবুঝির’ কারণে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে ভুল-েবাঝাবুঝির অবসান হয়েছে।
অন্যদিকে সীমান্তে বিনা উসকানিতে গুলিবর্ষণের ব্যাপারে বাংলাদেশের আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। গত শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভিযোগকে ‘বাস্তবতা-বিবর্জিত’বলে অভিহিত করেছে।
প্রসঙ্গত, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) গত ২৮ মে নাইক্ষ্যংছড়ির সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর বিনা উসকানিতে গুলিবর্ষণ করে। ওই ঘটনায় প্রাণ হারান বিজিবি সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমান। নিহত বিজিবি সদস্যের লাশ পড়ে ছিল মিয়ানমার অংশে। গত ৩০ মে মিজানুরের লাশ নিতে গেলে ফের অতর্কিতে গুলি ছুড়তে শুরু করেন বিজিপি সদস্যরা। পাল্টা জবাব দেন বিজিবির সদস্যরা। এরপর ওই দিন দুই পক্ষের মধ্যে আড়াই ঘণ্টা গুলিবিনিময় হয়। গত শনিবার শেষ পর্যন্ত মিয়ানমার বিজিবি সদস্য মিজানুরের লাশ ফেরত দিয়েছে।
নৌশক্তি বাড়াচ্ছে মিয়ানমার: কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, স্থলভাগে সেনাসমাবেশের পাশাপাশি এবার নাফ নদী ও সাগরে নৌশক্তি বাড়াচ্ছে মিয়ানমার। সীমান্তের সাম্প্রতিক উত্তেজনার কারণে গত শনিবার থেকে বন্ধ রয়েছে সীমান্ত বাণিজ্য।
নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্ত চৌকিগুলোতে অতিরিক্ত জনবল ও শক্তি বাড়ানো হয়েছে।
অন্যদিকে তিন দিন ধরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মিয়ানমার আরাকান সীমান্তে সেনাসমাবেশ ঘটিয়ে চলেছে। পাশাপাশি সমুদ্র সীমানায়ও বাড়িয়েছে নৌবাহিনীর টহল জাহাজ।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সেনাসমাবেশ ঘটানোর বিপরীতে বাংলাদেশও প্রস্তুতি নিয়ে রেখেছে। সীমান্তের যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে। বান্দরবানের থানচি থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত হয়ে উখিয়া-টেকনাফ পর্যন্ত প্রায় শতাধিক কিলোমিটার এলাকায় বিজিবির শক্তি ও টহল বাড়ানো হয়েছে।
গতকাল দুপুরে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে বিজিবি চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মদ আলী মিয়ানমারে সেনাসমাবেশ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের ওপর আঘাত আসলে আমরা বসে থাকব না। পাল্টা জবাব দিতে আমরাও প্রস্তুত আছি। সৈনিকদের মনোবল বাড়াতে আমরাও (কর্মকর্তারা) সীমান্তে অবস্থান করছি।’
মিয়ানমার থেকে টেকনাফে আসা সেখানকার কয়েকজন ব্যবসায়ী জানান, গতকালও তাঁরা আরাকানে সেনাসমাবেশ ঘটাতে দেখেছেন। মিয়ানমারের বুচিডং, রাচিডং এলাকা থেকে সেনা ও নৌবাহিনীর সদস্যদের গাড়িতে করে মংডু শহরে আনা হচ্ছে। সেখান থেকে সেনাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বলিবাজার ও তমব্রু (নাইক্ষ্যংছড়ির বিপরীতে) সেক্টরে।
অন্যদিকে নাফ নদী ও বঙ্গোপসাগরে জাহাজ ও দ্রুত গতির স্পিডবোট নিয়ে সেখানকার নৌবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিজিপি টহল দিচ্ছে। তারা নৌ-চলাচল বন্ধ করে দিয়েছে।
সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজের অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কাজী হারুন অর রশীদ বলেন, মিয়ানমার সমুদ্র এলাকায় তিনটি জাহাজে করে নৌবাহিনীর পাহারা বসিয়েছে। দূর থেকে তাদের গতিবিধি লক্ষ করা হচ্ছে। বাংলাদেশও জলসীমায় নিরাপত্তা জোরদার করেছে।
লাশ নিয়ে শোকাবহ পরিস্থিতি: বান্দরবান প্রতিনিধি জানান, গতকাল দুপুরে পাইনছড়ি এলাকা থেকে নায়েক মিজানুর রহমানের মরদেহ বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসা হয়। মিজানুরের মরদেহ নিয়ে আসার পর ব্যাটালিয়ন সদর দপ্তরের সৈনিকেরা একনজর দেখতে গেলে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
বিজিবির কর্মকর্তারা জানান, মিজানুর রহমানের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। আজ সোমবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে জানাজা শেষে ১০টায় হেলিকপ্টারে করে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সময়ে মিজানুর রহমানের স্ত্রীকে পাঁচ লাখ টাকার একটি চেকও দেওয়া হবে।
ভিন্ন দাবি মিয়ানমারের: সীমান্তে বিনা উসকানিতে গুলিবর্ষণের ব্যাপারে বাংলাদেশের আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। গত শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে, বাংলাদেশের অভিযোগ ‘বাস্তবতাবিবর্জিত’। গত ২৮ ও ৩০ মে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন মিয়ানমার সহ্য করবে না। এর পরও বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সুপ্রতিবেশী হিসেবে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মিয়ানমার কূটনৈতিক পদক্ষেপের ওপর আস্থা রাখবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মিয়ানমার এ অবস্থান তুলে ধরে গত শনিবার ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার হাতে একটি কূটনৈতিকপত্র হস্তান্তর করেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশিক্ষণ, গবেষণা ও বৈদেশিক ভাষা বিভাগের মহাপরিচালক ড ম ম।