শান্তকে স্মরণ করলেন স্বজন ও সহকর্মীরা

প্রথম আলো ডিজিটালের প্রয়াত কর্মী সাবানুর আলম ওরফে শান্তর স্মরণে শোকসভা ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে প্রথম আলো। আজ মঙ্গলবার বিকেলে গুলশানে প্রথম আলো ডিজিটালের ব্যবসায়িক কার্যালয়ে এ আয়োজন করা হয়।
শোকসভায় সাবানুরের সহকর্মী ও পরিবারের সদস্যরা তাঁর জীবনের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। তাঁরা দেশের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা রিসর্টগুলোর পরিচালনায় নীতিমালা তৈরির দাবি জানান।
সম্পাদক মতিউর রহমানসহ প্রথম আলোর বিভিন্ন বিভাগের প্রধানেরা এ সময় উপস্থিত ছিলেন। সাবানুরের বাবা মো. ইকবাল আলম, মা সেলিমা আলম, ভাই প্রান্তসহ পরিবারের সদস্য ও স্বজনেরা স্মরণসভায় উপস্থিত ছিলেন।
শোকসভার শুরুতে সাবানুরের জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়। শেষে তাঁকে নিয়ে সহকর্মীদের তৈরি আরেকটি স্মারক সাবানুরের বাবা-মায়ের হাতে তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
গত বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে রাঙামাটি ওয়াটার ফ্রন্ট নামের একটি রিসর্টে বেড়াতে গিয়ে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যান সাবানুর আলম। এ ঘটনায় শনিবার রাতে রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন তাঁর পিতা মো. ইকবাল আলম।
সাবানুরের বাবার অভিযোগ, গত শনিবার তিনি লোকজন নিয়ে ওই রিসর্টে গিয়ে দেখতে পান, সুইমিং পুলের পানি দীর্ঘদিন পরিবর্তন না করায় সুইমিং পুলের পাড়সহ তলদেশ শেওলা পড়ে পিচ্ছিল ছিল। এ ছাড়া সুইমিং পুল এলাকায় সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন এবং ফ্লাড লাইট সব অকেজো অবস্থায় ছিল। সুইমিং পুলের নিয়মানুযায়ী গভীরতা কত তার কোনো নির্দেশনা ছিল না। রিসর্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে তাঁর ছেলের মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মামলা করার পর সাবানুরের পিতা ইকবাল আলম প্রথম আলোকে বলেন, ‘রিসর্টের কর্তৃপক্ষের অবহেলার কারণেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। মামলা করলে আমার ছেলেকে ফেরত পাব না, কিন্তু কর্তৃপক্ষ সতর্ক হলে আর কোনো পিতার সন্তান হারাতে হবে না।’