শান্তকে স্মরণ করলেন স্বজন ও সহকর্মীরা
প্রথম আলো ডিজিটালের প্রয়াত কর্মী সাবানুর আলম ওরফে শান্তর স্মরণে শোকসভা ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে প্রথম আলো। গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে প্রথম আলো ডিজিটালের ব্যবসায়িক কার্যালয়ে এ আয়োজন করা হয়।
শোকসভায় সাবানুরের সহকর্মী ও পরিবারের সদস্যরা তাঁর জীবনের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। তাঁরা দেশের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা রিসোর্টগুলোর পরিচালনায় নীতিমালা তৈরির দাবি জানান।
সাবানুরের বাবা মো. ইকবাল আলম, মা সেলিমা আলম, ভাই প্রান্তসহ পরিবারের সদস্য ও স্বজনেরা স্মরণসভায় উপস্থিত ছিলেন। সম্পাদক মতিউর রহমানসহ প্রথম আলোর বিভিন্ন বিভাগের প্রধানেরা এ সময় উপস্থিত ছিলেন।
শোকসভার শুরুতে সাবানুরের জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়। শেষে তাঁকে নিয়ে সহকর্মীদের তৈরি আরেকটি স্মারক সাবানুরের বাবা-মায়ের হাতে তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
গত বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে রাঙামাটি ওয়াটার ফ্রন্ট নামের একটি রিসোর্টে বেড়াতে গিয়ে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যান সাবানুর আলম। এ ঘটনায় গত শনিবার রাতে রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন তাঁর বাবা মো. ইকবাল আলম।