শান্তা ও প্রান্তের দায়িত্ব নিলেন পানিসম্পদমন্ত্রী
পেট্রলবোমায় নিহত দিনমজুর রণজিৎ নাথের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
গত শনিবার মন্ত্রী রণজিতের হাটহাজারীর এনায়েতপুরের বাড়িতে যান। এ সময় মন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে রণজিতের স্ত্রী ছবি নাথের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। এ ছাড়া প্রতি মাসে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক হাজার টাকা করে রণজিতের ছেলেমেয়ের লেখাপড়ার খরচ দেওয়ার অঙ্গীকার করেন।
রণজিতের মেয়ে শান্তা নাথ তৃতীয় ও প্রান্ত নাথ প্রথম শ্রেণিতে পড়ে।
বুধবার রাতে হাটহাজারীর বুড়িপুকুর এলাকায় অটোরিকশায় পেট্রলবোমা হামলা হলে দগ্ধ হন রণজিৎ। পরদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চট্টগ্রাম জেলা প্রশাসন রণজিতের পরিবারকে এক লাখ টাকা অনুদান দিয়েছে।
জেলা প্রশাসনের অনুদান: পেট্রলবোমা ও ককটেল হামলায় নিহত তিন ব্যক্তির পরিবারকে তিন লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ ছাড়া আহত তিন ব্যক্তির চিকিৎসার জন্য দেওয়া হয়েছে দুই লাখ টাকা।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তিদের স্বজন ও আহত ব্যক্তিদের হাতে নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সভাপতি চিকিৎসক মুজিবুল হক খান।
জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরের ঘোষের হাট এলাকায় গত ২৮ জানুয়ারি রাতে পেট্রলবোমা হামলায় নিহত আবদুল মোতালেবের (৩৫) স্ত্রী হাজেরা বিবি ও বাবা আবদুল হাকিমকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা নগদ অনুদান দেওয়া হয়।
নগরের চান্দগাঁও এলাকায় ককটেল হামলায় নিহত মোহাম্মদ রেদোয়ানের স্ত্রী আমেনা বেগম ও মা সিরাজ খাতুনকে ৫০ হাজার টাকা করে এক লাখ এবং পটিয়ায় নিহত মোহাম্মদ ইদ্রিসের বাবা সরদার আহমদকে এক লাখ টাকা দেওয়া হয়।
হাটহাজারীর চারিয়ায় পেট্রলবোমায় গুরুতর আহত সাবের আহমেদকে চিকিৎসার জন্য এক লাখ টাকা, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় পেট্রলবোমায় আহত মোহাম্মদ সেলিম এবং নগরের ষোলশহর রেলস্টেশনে ককটেল হামলায় আহত মোহাম্মদ সুমনকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
এ ছাড়া মিরসরাইয়ে পেট্রলবোমায় নিহত সাতকানিয়ার বাসিন্দা এনাম হোসেনের স্ত্রী নাঈমা সোলতানা ও মা রাবেয়া খাতুনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা অনুদান দেওয়ার কথাও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।