শান্তি ও উন্নয়ন নিশ্চিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য ভারত ও বাংলাদেশ কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ও ভারত গত ৪৩ বছরে কঠিন সময় পার করেছে। এখন আমরা এমন একটা সমাজ ও অর্থনৈতিক কাঠামো তৈরির চেষ্টা করছি, যেখানে দারিদ্র্য বিমোচন, নিরক্ষরতা হ্রাস ও কর্মক্ষেত্র সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে ভারত সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার সন্তান ও উত্তরাধিকারদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে পঙ্কজ সরন এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের বিশ্বাসী অংশীদার ও বন্ধু। এই অংশীদারি সমতাভিত্তিক। আমরা একে অন্যের কাছ থেকে শিখতে পারি।’ তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তিপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও ভালো করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৃত্তি প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘ভারত বাংলাদেশের বন্ধু। ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
এরপর ঢাকা বিভাগের ৩০ শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, ভারত সরকার এ বছর উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে এক হাজার ৩৬৪ জনকে শিক্ষাবৃত্তি দিচ্ছে। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিবছর ১০ হাজার টাকা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিবছর ২৪ হাজার টাকা করে পাবেন।