একজন মাদকাসক্ত শুধু নিজেই অসুস্থ ও ধ্বংস হয় না। সে একটি পরিবারের শান্তি ও স্বস্তি কেড়ে নেয়। সমাজকে অসুস্থ করে ফেলে। তাই দুই-একটা বিভাগ দিয়ে মাদকের অপব্যবহার রোধ করা যাবে না। সবাই মিলে মাদক প্রতিরোধে এগিয়ে এলে তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।
গতকাল বুধবার মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সভার আয়োজন করে। বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে সবার আগে পরিবারকে এগিয়ে আসতে হবে। সন্তান কখন ঘরে ফেরে, কখন ঘুমায়, কখন ওঠে, কার সঙ্গে বন্ধুত্ব করে এগুলো সম্পর্কে সজাগ থাকতে হবে। সমাজের সচেতন অংশকে প্রশাসনের পাশে দাঁড়াতে হবে।
মৌলভীবাজারের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, ১৪ বিজিবি শ্রীমঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মাদকবিরোধী আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের নারী সংগঠন মৈরা পাইবী সমাজকল্যাণ সংস্থার সভানেত্রী সৌদামিনী শর্মা প্রমুখ।
সৌদামিনী শর্মা বলেন, ‘মাদকের কারণে আমাদের ঘরে, পরিবারে ও গ্রামে শান্তি ছিল না। বাধ্য হয়ে আমরা মেয়েরা রাস্তায় নেমেছি। এতে আমরা সফল হয়েছি।’
মাদকাসক্তি থেকে নিরাময় লাভকারী সৈয়দ মুনতাসির আহমদ বলেন, ‘মাদক গ্রহণের ফলে আমার পড়ালেখা বিঘ্নিত ও পরে চাকরি হারাতে হয়েছে। মাদক ছেড়ে এখন ভালো আছি।’ আলোচনা সভা শেষে এক হাজার ৬১১ বোতল মাদকদ্রব্য রোলার দিয়ে ও ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভা প্রাঙ্গণের আলোচনা সভায় গিয়ে শেষ হয়েছে। শোভাযাত্রায় মৈরা পাইবী সমাজকল্যাণ সংস্থা, মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র আদর ও উদ্দীপন, বেসরকারি সংস্থা ম্যাক বাংলাদেশ, এনএসটিএফ, শিশু একাডেমীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।