শান্তি কমিটির সদস্যরা সেনাদের হিন্দু-মুসলমান চিনিয়ে দিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের তৃতীয় সাক্ষী মো. নুরুল হক হাওলাদারকে গতকাল বুধবার জেরা শেষ করেছে রাষ্ট্রপক্ষ। জেরায় তিনি বলেছেন, শান্তি কমিটির সদস্যরা পাকিস্তানি সেনাদের হিন্দু-মুসলমান চিনিয়ে দিত।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নুরুল হককে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। সাঈদী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।মুক্তিযুদ্ধ চলাকালে পারেরহাটের রাজলক্ষ্মী বিদ্যালয়ে কতবার গেছেন—কৌঁসুলির এই প্রশ্নের জবাবে নুরুল বলেন, তিনি কখনো বিদ্যালয়ের ভেতরে যাননি। বিদ্যালয়টি তাঁর বাড়ির কাছে রাস্তার পাশে। পাকিস্তানি সেনা বা রাজাকাররা কি কখনো বিরক্ত করেছে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না। তাঁর গ্রামের বাড়ি বা পারেরহাটের বাসায়ও পাকিস্তানি সেনা বা রাজাকাররা কখনো যায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে পারেরহাট বাজার একদিনই লুট হয়। পারেরহাট বাজার লুটের দিন কোথায় ছিলেন—এই প্রশ্নে তিনি বলেন, বাজারে ছিলেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, হিন্দু থেকে যাঁরা মুসলমান হয়েছিলেন, তাঁরা জীবন বাঁচাতে ধর্মান্তরিত হয়েছিলেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানতে চান, সাঈদীর বিরুদ্ধে যুগান্তর, জনকণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় ছাপা হওয়া মানবতাবিরোধী অপরাধের বিষয়ে প্রতিবেদন পড়েছেন? আসামিপক্ষের সাক্ষী বলেন, পড়েছেন। পরে কৌঁসুলি মত (সাজেশন) দেন, ‘আপনার পরিবার রাজাকার পরিবার, আপনার ভাতিজা রাজাকার ছিল এবং আপনাদের পুরো পরিবার সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে।’ সাক্ষী বলেন, এটা সত্য নয়। এরপর কৌঁসুলি মত দেন, সাক্ষী বর্তমানে জামায়াত করেন এবং পারেরহাট জামায়াতের দায়িত্বে আছেন। সাক্ষী এই মতেরও বিরোধিতা করেন। কৌঁসুলি বলেন, জামায়াত করেন বলে সাক্ষী সত্য গোপন করে সাঈদীর পক্ষে অসত্য সাক্ষ্য দিয়েছেন। সাক্ষী এবারও বলেন, সত্য নয়। সবশেষে কৌঁসুলি বলেন, ‘আপনার বাবা শান্তি কমিটির সদস্য ছিলেন।’ সাক্ষী বলেন, ‘এই শুনলাম।’এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।গোলাম আযমের বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর জবানবন্দি অব্যাহত: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী মো. এজাবউদ্দিন মিয়া চতুর্থ দিনের মতো জবানবন্দি দেন। বাংলা একাডেমীর সহ-গ্রন্থাগারিক ও এই মামলায় জব্দ তালিকার প্রথম সাক্ষী এজাবউদ্দিন রাষ্ট্রপক্ষের জব্দ করা বিভিন্ন নথি প্রদর্শনী হিসেবে গতকালও ট্রাইব্যুনালে দাখিল করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও সুলতান মাহমুদ প্রদর্শনী দাখিলে তাঁকে সহযোগিতা করেন। আজও এজাবউদ্দিন জবানবন্দি দেবেন।