শান্তি চাইলে, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করুন: খালেদা

সংবিধান সংশোধনের মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বর্তমান নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কঠোর সমালোচনাও করেছেন।
আজ বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
বিরোধী দলীয় নেতা বলেন, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সংবিধানের সংশোধনী আনতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে শান্তি চাইলে ১২ সেপ্টেম্বর সংসদের যে অধিবেশন বসছে তাতে সংবিধানের সংশোধনী এনে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। জনগণ যাকে ভোট দেবে সেই জিতবে।
খালেদা জিয়া বলেন, বর্তমান নির্বাচন কমিশন পুরোপুরি দলীয়, তারা কোন দিন নিরপেক্ষতার প্রমাণ দিতে পারবে না। সিইসিকে অপদার্থ ও মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী থাকার সময়ে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। উনি (সিইসি) আজ্ঞাবহ টাইপের। এখন প্রধানমন্ত্রী যা বলছেন তিনি তাই শুনছেন। উনি দুর্বল অপদার্থ।’
ভোটার তালিকা থেকে অনেককে বাদ দেওয়া হয়েছে এবং এক কোটি ভূয়া ভোটার যোগ করা হয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসনে বসে থাকলে ডিসি এসপিসহ সব নির্বাচনী কর্মকর্তা চাকরির ভয়ে প্রধানমন্ত্রীর কথাই শুনবেন। এখন জুডিশিয়ারিও সরকারের নিয়ন্ত্রণে। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এরশাদও বলছেন বিএনপি নির্বাচনে না গেলে নিরপেক্ষ নির্বাচন না হলে তারাও নির্বাচনে যাবেন না। তিনি সরকারের উদ্দেশে বলেন, তাহলে কাকে নিয়ে নির্বাচন করবেন। তিনি বলেন, বিদেশিরা সকলের অংশগ্রহণের নির্বাচনের কথা বলেছেন।
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘুদের ব্যবহার করেছে। কিন্তু সত্যিকার অর্থে তাদের জন্য কিছু করে নাই। আওয়ামী লীগ মনে করে, আওয়ামী লীগ ছাড়া সংখ্যালঘুদের কোনো গতি নেই। তাই তাদের সঙ্গে সংখ্যালঘুদের থাকতে হবে, তাদের ভোট দিতে হবে। কিন্তু সংখ্যালঘু এটি বুঝেছেন যার প্রতিফলন নির্বাচনে হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, আসেন আমাদের সঙ্গে কাজ করেন, কাজ করলেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেকার পার্থক্য বুঝবেন।
বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগের দুই অস্ত্র সংখ্যালঘু এবং জঙ্গি। ধর্মীয় প্রতিষ্ঠানে আগুনের ঘটনায় আওয়ামী লীগ জড়িত বলে দাবি করেন খালেদা। তিনি বলেন, বাংলা ভাইকে আমরাই ধরেছিলাম। একদম নিরপেক্ষ বিচার হয়েছে। আমরা সম্পৃক্ত থাকলে তাদের জীবিত ধরতাম না।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নিতাই রায় চৌধুরি, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।