শান্তি চুক্তি বাস্তবায়ন বন্ধ রেখেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চুক্তি বাস্তবায়নে সরকার এগিয়ে না এলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য শাসকগোষ্ঠী দায়ী থাকবে।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর হোটেল সুন্দরবনে এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা এ কথা বলেন।
সন্তু লারমা বলেন, জুম জনগণের বঞ্চনা ও আশা-আকাঙ্ক্ষার প্রতি তোয়াক্কা না করে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পরিবর্তে সরকার যদি রাষ্ট্রযন্ত্র ও অস্ত্রের শক্তি ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে থাকে, তাহলে জুম জনগণের পেছনে ফেরা ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। জুম জনগণ আরও কঠোর ও কঠিন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন করেই যাচ্ছি। আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছি।’
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম সমস্যা একটি জাতীয় ও রাজনৈতিক সমস্যা। তাই এ নিয়ে জাতীয় পর্যায়ে আন্দোলন হওয়া উচিত। কিন্তু কোনো রাজনৈতিক দলকে এ নিয়ে কোনো কর্মসূচি নিতে দেখছি না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চুক্তিবিরোধী ইউপিডিএফ শাসক গোষ্ঠীর তৈরি। সরকারকেই তাদের নিয়ন্ত্রণ করতে হবে।
সন্তু লারমা বলেন, জুম জনগণ তাদের জাতীয় অস্তিত্ব ও আবাসভূমির অস্তিত্ব সংরক্ষণের স্বার্থে আত্মবলিদানে ভীত না হয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে বদ্ধপরিকর। জনসংহতি সমিতি আশা করে, সরকার তথা দেশের শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের এই বাস্তবতাকে সম্যকভাবে অনুধাবনে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেবে।
সংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম—পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করা, জুম-অধ্যুষিত অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণের জন্য আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া, বসতি স্থাপনকারী বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সম্মানজনকভাবে পুনর্বাসন করা, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আইইডি নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের দীপায়ন খীসা প্রমুখ।