শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকারের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রকে শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় তাদের আরও দৃঢ় রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন।গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লন বিল্ডিংয়ে অনুষ্ঠিত ‘পিস বিল্ডিং: পিস বিল্ডিং এ ওয়ে ফরোয়ার্ড টুওয়ার্ডস সাসটেইনেবল পিস অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।শেখ হাসিনা স্নায়ুযুদ্ধ-পরবর্তী সমাজে সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী সহায়তায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সম্পদের জোগান, জাতীয় সামর্থ্য এবং প্রতিষ্ঠান বিনির্মাণে অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গীকার আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।সভায় অন্যান্যের মধ্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ, পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী জানানা গুসমাও, জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল চিলুফ্যা বক্তৃতা করেন।শেখ হাসিনা বলেন, প্রায় ১৫০ কোটি মানুষ এখনো সংঘাতপূর্ণ দেশগুলোতে বসবাস করছে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ২০১১-এর পরিসংখ্যান অনুযায়ী, নিম্ন আয়ের দেশগুলো এই সংঘাত থেকে বেরিয়ে আসতে পারছে না অথবা সংঘাতের কারণে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন ব্যাহত হচ্ছে।শেখ হাসিনা বলেন, টেকসই শান্তি ও উন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ সব সময়ই জাতিসংঘের সব শান্তি উদ্যোগের পাশে রয়েছে। তিনি শান্তি স্থাপন-প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যথাযথ ফলোআপ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী সংঘাত-পরবর্তী দেশগুলোতে রাজনৈতিক প্রক্রিয়ায় সাউথ সাউথ সহযোগিতার এবং পিস বিল্ডিং কমিশনে (পিবিসি) দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বহুপক্ষীয় সম্পৃক্ততায় সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।সন্ত্রাসবাদ দমনের জন্য যুক্তরাষ্ট্রের ধন্যবাদ: কংগ্রেশনাল কমিটির হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক চেয়ারম্যান কংগ্রেসম্যান পিটার কিং মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সাফল্যের সঙ্গে সন্ত্রাসবাদ দমনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীর প্রত্যর্পণ সম্পর্কে কিং বলেন, এ ব্যাপারে তিনি চাপ প্রয়োগ করবেন। কংগ্রেসম্যান বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের ফিরে আসাকে বাংলাদেশের জন্য সুসংবাদ হিসেবে অভিহিত করেন।এর আগে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, সেনেগালের প্রেসিডেন্ট মাকি সাল ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদ হাসান মানিকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব বান কি মুনের দেওয়া মধ্যাহ্নভোজ সংবর্ধনায়ও যোগ দেন।